নিউইয়র্ক, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় শুক্রবার পর্যন্ত ১০২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি জ্বালানি সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। প্রায় ৩৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।
উদ্ধারকারীরা শুক্রবারও নিউ ইয়র্ক ও নিউ জার্সি রাজ্যের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় বিপন্ন মানুষের খোঁজে তল্লাশি চালিয়ে গেছে।
এসব এলাকায় পেট্রল স্টেশনগুলোতে জ্বালানি সঙ্কটে ভুগতে থাকা মানুষের দীর্ঘ লাইন পড়েছে। লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এসব মানুষ অধৈর্য্য হয়ে পড়ে। জ্বালানি না পেয়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি রাজ্যের বিভিন্ন পেট্রল স্টেশনে।
আগামী ১১ নভেম্বরের আগে বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সঙ্কট মোকাবেলায় কৌশলগত মজুত থেকে জ্বালানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এছাড়া দুর্গত এলাকাগুলোতে পাঠানোর উদ্দেশ্যে লাখ লাখ গ্যালন গ্যাসোলিন ও ডিজেল কিনছে সরকার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চারদিন আগে টেলিভিশন ও সংবাদপত্রে ঘূর্ণিঝড় দুর্গতদের ক্ষুব্ধ ছবি প্রকাশ পাচ্ছে। এর প্রভাব প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ মিট রমনির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রেসিডেন্ট বারাক ওবামা ঝড় মোকাবেলায় গৃহীত পদক্ষেপের জন্য সাধারণভাবে সব মহল থেকে প্রশংসা পেয়েছেন।
মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেতে থাকায় নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ তাদের বার্ষিক ম্যারাথন দৌড় বাতিল করেছে। পূর্ব উপকূলের প্রায় ১০ লাখ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। কিন্তু তারপরও গত চারদিন ধরে প্রায় ৩৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারে রাত পার করছে।
নিউ জার্সির বাসিন্দা সঙ্গীত শিল্পি ব্র“স স্প্রিংস্টিন ও জন বনজভি অন্যান্যদের সঙ্গে নিয়ে স্যান্ডি আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে শুক্রবার টেলিভিশনে প্রচারিত একটি গানের অনুষ্ঠান করেছেন।
শক্তিশালী এই ঝড়টি ক্যারিবীয় একটি হ্যারিকেনের সঙ্গে একত্র হয়ে আরো শক্তি সঞ্চয় করে ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে সোমবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে।
ভরা পূর্ণিমার পূর্ণ জোয়ার থাকায় রেকর্ড উচ্চতার জলোচ্ছ্বাসে ম্যানহাটন, স্টাটেন দ্বীপ ও উপকূলীয় অন্যান্য শহর ভেসে যায়। জলোচ্ছ্বাসের তোড়ে পিলার দুমড়েমুচড়ে ঘরবাড়ি ভেসে যায়, নগরের ভুগর্ভস্থ সুরঙ্গপথগুলো পানিতে সয়লাব হয়ে যায়।
এক নিউইয়র্ক শহরেই ৪১ জন মারা যায়, যাদের অর্ধেকই স্টাটেন দ্বীপের বাসিন্দা। ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের ঢেউয়ের তোড় পুরো দ্বীপটির উপর দিয়ে বয়ে যায়।
দুর্গত এই পুরো অঞ্চলটিতে ঘরবাড়ি হারানো বা ক্ষতিগ্রস্ত মানুষ এখন জ্বালানি সঙ্কটে বিপর্যস্ত। জ্বালানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায়ই ধৈর্য্যচ্যুতি ঘটছে তাদের। তাতে সৃষ্টি হচ্ছে নানা অপ্রীতিকর ঘটনা।
দুর্গত এলাকার জ্বালানি সঙ্কট মোকাবেলায় প্রতিরক্ষা লজিস্টিক সংস্থাকে ৪ কোটি ৫০ লাখ লিটার গ্যাসোলিন ও ৩ কোটি ৮০ লাখ লিটার ডিজেল কেনার নির্দেশ দিয়েছে ওবামা প্রশাসন।
এছাড়া নিউ মেক্সিকো উপসাগর থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব এলাকার সমুদ্রবন্দরগুলোতে নিষেধাজ্ঞার আওতায় থাকা বিদেশি পতাকাবাহী জাহাজ থেকেও গ্যাস, ডিজেল ও অন্যান্য জ্বালানি খালাস করার সাময়িক অনুমতি দিয়েছে দেশটির সরকার।
জরুরি প্রয়োজন মেটাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কৌশলগত মজুত থেকেও জ্বালানি সরবরাহ করার ঘোষণা দিয়েছে সরকার।
নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো বলেছেন, “শিগগিরই মানুষ দেখতে পাবে পরিস্থিতি আমূল পাল্টে গেছে।”
শুক্রবার ভোররাত থেকে শত শত গাড়ি পেট্রল স্টেশনগুলোতে লাইন দিতে শুরু করে। কোনো কোনো লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়।
২১ বছর বয়সী ছাত্র এন্থনি ইনাব বলেন, “এটি একটি বিপর্যয়, যদি জরুরি প্রয়োজনও হয় তা হলেও আমি কোনো তেল পাবো না।” স্টাটেন দ্বীপের একটি জ্বালানি স্টেশনে কনটেইনার হাতে দাঁড়িয়ে ছিলেন তিনি।
বিভিন্ন জ্বালানি স্টেশনে অপেক্ষা করতে থাকা হতাশ গাড়িচালকদের সামলাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার কুইন্সে বন্দুক উঁচিয়ে ভীতি প্রদর্শন করে লাইন ভেঙে আগে যাওয়ার চেষ্টা করে এক লোক। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জ্বালানি সঙ্কটের কারণে বৃহস্পতিবার নিউইয়র্ক শহর, লঙ আইল্যান্ড এবং নিউ জার্সির অর্ধেকেরও কম পেট্রল স্টেশন চালু ছিল।
শনিবার নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ১২টি প্রশাসনিক এলাকায় জ্বালানি তেল রেশনিং চালু করার নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫৩ ঘ.
bdnews24