২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় তল্লাশি চৌকিতে হামলা, নিহত ২৮ সেনা

সিরিয়ায় পৃথক পৃথক তল্লাশি চৌকিতে আকস্মিক হামলা চালিয়ে সেনাদের হত্যা করেছে বিদ্রোহীরা। আল কায়েদার সমর্থক জঙ্গি সংগঠন জাবাত আল-নুসরাকে এ হামলার জন্য দায়ী করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বৈরুত, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় বিদ্রোহীরা ৩টি সেনা তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে অন্ততপক্ষে ২৮ জন সেনাকে হত্যা করেছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণ সংস্থা। বৃহস্পতিবার আলেপ্পোর ৪০ কিলোমিটার দক্ষিণে সাকারেব শহরের কাছাকাছি সিরিয়ার উত্তর-দক্ষিণে বিস্তৃত মূল মহাসড়কে দুটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। তৃতীয় তল্লাশি চৌকিটি আলেপ্পোর সঙ্গে লাতাকিয়া শহরের সংযোগ সড়কের ওপর ছিলো। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় অন্তত পাঁচজন সেনা নিহত হয়। লাতাকিয়া শহরের তল্লাশি চৌকিতে অন্তত ২০ জন সেনাকে হত্যা করা হয়। কয়েকজন সেনা আত্মসমর্পন করার পর তাদের গুলি করে মারা হয় বলে জানানো হয়। গত মাসে বিদ্রোহীরা দামেস্ক-আলেপ্পো সংযোগকারী এ সড়কটি বিচ্ছিন্ন করে ফেলার পর থেকে আশপাশের এলাকায় বড় ধরনের সংঘাত চলছে। আল কায়েদার সমর্থক জঙ্গি সংগঠন জাবাত আল-নুসরাকে এ হামলার জন্য দায়ী করছে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গৃহযুদ্ধে রূপ নেয়া আসাদবিরোধী বিদ্রোহে দেশটির জঙ্গি সংগঠনগুলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে যা আন্তর্জাতিক অঙ্গনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে সিরিয়ায় ১৯ মাস ধরে চলতে থাকা সঙ্কট নিরসনে প্রদেশগুলোতে পৃথকভাবে যুদ্ধবিরতি এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নিতে যাচ্ছে চীন। এ ব্যাপারে চীন মধ্যপ্রাচ্যে জাতিসংঘ ও আরব লিগের নিয়োজিত প্রতিনিধি লাখদার ব্রাহিমিকে প্রস্তাব দিয়েছে। গত মাসে লাখদার ব্রাহিমির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে সিরিয়ায় চারদিনের যুদ্ধবিরতিতে দুই পক্ষ একমত হলেও পরবর্তীতে চারদিনের আগেই সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এদিকে আরো বিশ্বাসযোগ্য ব্যক্তিত্বের সমন্বয় করে সিরিয়ায় আসাদবিরোধীদের নেতৃত্ব কৌশলে আরো সংশোধন আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একে বিদেশভিত্তিক সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের অবনতির লক্ষণ বলেই ধরে নেয়া হচ্ছে। বুধবার জাগরেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, আগামী সপ্তাহে কাতারে আসাদবিরোধীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যা আসাদবিরোধী জোটকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। আসাদবিরোধীদের সমন্বয় করতে বরাবরই বেশ বেগ পেতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। তবে এর বিপরীতে প্রেসিডেন্ট আসাদ রাশিয়া, ইরান ও কিছু ক্ষেত্রে চীনের সমর্থন পেয়েছেন সহজেই। গত ১৯ মাস ধরে চলতে থাকা আসাদবিরোধী বিদ্রোহে এ পর্যন্ত প্রায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩৩ ঘ.