২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ পরীক্ষার ‘গিনিপিগ’ দরিদ্র মানুষ!

বিদেশি ও দামি ওষুধের কথা বলে ভারতের অনুন্নত দরিদ্র নিরক্ষর মানুষের ওপর চালানো হচ্ছে নতুন ওষুধের পরীক্ষা। এসব ক্ষেত্রে তাদের অনুমতিও নেয়া হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ওষুধের কার্যকরিতা পরীক্ষার জন্য ভারতের দরিদ্র মানুষকে ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে বড় ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে। বিবিসি ম্যাগাজিনে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বিদেশি ও দামি ওষুধের কথা বলে ভারতের অনুন্নত অঞ্চলগুলোর দরিদ্র নিরক্ষর মানুষের ওপর নতুন ওষুধের পরীক্ষা চালানো হচ্ছে। এসব ওষুধের প্রতিক্রিয়ায় বহু রোগীর মৃত্যুর অভিযোগ থাকলেও চিকিৎসকরা ময়না তদন্তের কোনো প্রতিবেদন না রাখায় বিষয়টি প্রমাণ করা যাচ্ছে না। ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে ভারতীয় আইন অনুযায়ী অনুমতি নেয়ার বিধান থাকলেও এসব ক্ষেত্রে তা লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ এসেছে। ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করে ওই দরিদ্র ও নিরক্ষর মানুষদের কীভাবে প্রতারিত করা হচ্ছে- তার রোমহর্ষক বিবরণ উঠে এসেছে বিবিসির ওই প্রতিবেদনে। এতে বলা হয়, কেনার সামর্থ্য না থাকায় এসব ‘দুষ্প্রাপ্য’ ওষুধ পেয়ে রোগীরা নিজেদের ভাগ্যবানই মনে করতেন। কিন্তু এমন অনেক রোগীর জীবনেই শেষ পর্যন্ত এই ওষুধ ডেকে এনেছে চূড়ান্ত পরিণতি। মধ্য প্রদেশের রাজধানী ইন্দোরের দলিত সম্ú্রদায়ের চন্দ্রকলা বাই এমনই একজন রোগী। বুকের ব্যাথার চিকিৎসার জন্য ২০০৯ সালের মে মাসে তাকে মহারাজা যশোবন্ত রাও হাসাপাতালে নেয়া হয়। তার ছেলের স্ত্রী নিতু সোদে বলেন, “আমরা অবাক হয়েছিলাম। কারণ আমরা নিচু জাতের মানুষ হিসেবে হাসপাতালের পাঁচ রুপির টিকিট নিয়েছিলাম। কিন্তু চিকিৎসক আমাদের জানালেন, তিনি সোয়া লাখ রুপি দামের বিদেশি ওষুধ দেবেন।” নিতু জানান, টিকিট নিয়ে হাসপাতালে লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের দেখা পেতে সাধারণত অনেক সময় লাগে। তবে সেবার এর ব্যতিক্রম হয়েছিল। অল্প সময়ের মধ্যে একজন চিকিসক এসে তাদের জানান যে, এটা খুবই ব্যয়বহুল চিকিৎসা এবং বিশেষ সরকারি তহবিল থেকে এর খরচ বহন করা হবে। তিনি বলেন, তার শাশুড়ির ওপর বায়োজেন আইডেক নামের একটি কোম্পানির টোনাকোফিলিন ওষুধের পরীক্ষা চালানো হয়, যা তখন তাদের জানানো হয়নি। তারা কেউ পড়তে পারেন না এবং কোনো সম্মতি পত্রে তাদের সই নেওয়া হয়েছিল বলেও তার মনে নেই। ওই ওষুধ প্রয়োগের পর চন্দ্রকলার অসুস্থতা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। এরপর ওষুধ বন্ধ করে কয়েকদিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এর মাসখানেকের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান ৪৫ বছর বয়সে মারা যান তিনি। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি বায়োজেন আইডেক পরীক্ষা চালানোর বিষয়টি স্বীকার করে বলেছে, কার্ডিয়াক অ্যারেস্টে কয়েকজনের মৃত্যুর খবর পেয়ে তারা টোনাকোফিলিনের পরীক্ষামূলক ব্যবহার বন্ধ করে দেয়। আর চন্দ্রকলার মৃত্যুর বিষয়টি তারা জানে না বলে দাবি করেছে। এ রকমই আরেকটি কোম্পানির ‘গিনিপিগ’ হয়েছিলেন তিজুজা বাই। তার ছেলে নারায়ণ সুরভাইয়া জানান, মায়ের পায়ের চিকিৎসার জন্য হাসপাতালে গেলে তাদের জানানো হয়, একটি দাতব্য প্রতিষ্ঠান এই চিকিৎসার ব্যয় বহন করবে। যদিও ওষুধের পরীক্ষা চালানো বা তাতে রাজি কি না- সে বিষয়ে কোনো কথা তাদের সঙ্গে হয়নি। সেই ওষুধ ব্যবহারের কয়েক সপ্তাহ পর তিতুজা বাইয়ের স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন। নারায়ণ বলেন, “বিষয়টি চিকিৎসককে জানালে তিনি ওষুধ বন্ধ না করার পরামর্শ দিয়ে বলেন, এটা সাময়িক পক্ষাঘাত, ওষুধ খেতে থাকলে অবস্থার উন্নতি হবে।” এর কয়েক সপ্তাহ পরে মৃত্যু হয় নারায়ণের মায়ের। বিবিসি বলছে, ওই হাসপাতালে কয়েকটি ব্রিটিশ ও জার্মান ওষুধ কোম্পানি অন্তত ৫৩ জন রোগীর ওপর এ ধরনের ওষুধের পরীক্ষা চালায় যার মধ্যে আটজনের মৃত্যু হয়। যদিও ওষুধের কারণেই যে তাদের মৃত্যু হয়েছে- তার কোনো অকাট্য প্রমাণ হাজির করা মুশকিল। আর মহারাজা যশোবন্ত রাও হাসাপাতালে গত সাত বছরে এক হাজার ৮৩৩টি শিশুসহ মোট তিন হাজার ৩০০ রোগীর ওপর এ ধরনের ৭৩টি পরীক্ষা চালানো হয়। পরীক্ষা চলার সময়েই এক ডজনেরও বেশি রোগী মারা গেলেও তাদের পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি। হাসপাতালের নথিপত্রে দেখা যায়, ২০০৫ সাল পর্যন্ত ইন্দোরে পরীক্ষা চলাকালে এ ধরনের মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার ৮০টি ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। রোগীদের আত্মীয়রা অনেকেই বলেছেন, হাসপাতালের চিকিৎসক ডা. অনিল ভারানির তত্ত্বাবধানে এ পরীক্ষা চলতো। ডা. ভারানির বিরুদ্ধে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার এবং রোগীদের সম্মতির ছাড়াই পরীক্ষা চালানোর অভিযোগ করেছে রাজ্য সরকার। বিবিসি প্রতিবেদক এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতালে তার কার্যালয়ে গেলেও তিনি কথা বলতে অস্বীকার করেন। নিরপত্তা কর্মীদের ডেকে হাসপাতাল থেকে বের করে দেয়া হয় প্রতিবেদককে। তবে এর দুদিনের মাথায় অন্য হাসপাতালে বদলি করে দেয়া হয় ওই চিকিৎসককে। এসব পরীক্ষা ও রোগীর মৃত্যুর ঘটনার অনেকগুলোই গণমাধ্যমে আসে ডা. আনন্দ রাইয়ের কল্যাণে, যিনি ওই হাসপাতালেরই একজন চিকিৎসক ছিলেন। ডা. রাই জানান, দরিদ্র মানুষদের ওপর এ ধরনের পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। হাসপাতালের এথিক্স কমিটির প্রধান ডা. কেডি ভার্গভ স্বীকার করেন যে, ওষুধ পরীক্ষা নিয়ে হাসপাতাল যে নীতি গ্রহণ করেছিল তাতে ত্রুটি ছিল। “হঠাৎ করেই অনেক অর্থের ব্যাপার জড়িয়ে গেল। হ্যাঁ, আমরা হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম।” বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে ভারত সরকার ওষুধের পরীক্ষা চালানোর বিষয়ে আইন শিথিল করার পর থেকেই বিদেশি কোম্পানিগুলো এর সুযোগ নিতে শুরু করে। গত সাত বছরে দেশটিতে এ রকম প্রায় দুই হাজার পরীক্ষা চালানো হয়, যাতে ২৮৮ জনের মৃত্যু হয় ২০০৮ সালে। পরের বছর তা ৬৩৭ এবং ২০১০ সালে ৬৬৮ জনে দাঁড়ায়। পরের বছর খানিকটা কমলেও ২০১১ সালে ৪৩৮ জনকে ওষুধ পরীক্ষার বলি হতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/জেকে/১৪১৫ ঘ.