টোকিও, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের ওপর নির্ভরতা কমাতে কাজাখস্তান থেকে বিরল মৃত্তিকা আমদানী শুরু করতে পারে জাপান। আগামী জানুয়ারি থেকেই আমদানী প্রক্রিয়া শুরু হতে পারে।
অজ্ঞাত সরকারী সূত্রের বরাত দিয়ে শুক্রবার জাপানি ইয়োমিউরি সংবাদপত্র এ খবর জানিয়েছে।
বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি, স্মার্টফোন ও উন্নতমানের গাড়ি তৈরিতে বিরল মৃত্তিকা ব্যবহার করা হয়। এটি খনিতে প্রাপ্ত একটি আকরিক যাতে ইরিত্রিয়াম, ল্যান্থানাম, স্ক্যান্ডিয়ামসহ ১৭টি মৌলিক পদার্থের মিশেল থাকে।
বিশ্বে বিরল মৃত্তিকার সবচেয়ে বড় উৎপাদক দেশ চীন। উচ্চ প্রযুক্তির শিল্প উন্নয়নের ফলে রপ্তানীকারক এই দেশটি ২০১৪ সালের মধ্যে নিজেই আমদানীকারকে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের উচ্চ প্রযুক্তির শিল্প কারখানাগুলো চীন থেকে আমদানীকৃত বিরল মৃত্তিকার ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ২০১০ সালে শিল্পের এই কাঁচামাল রপ্তানী কমিয়ে দেয় চীন। সঙ্কটে পড়ে জাপানের শিল্পকারখানাগুলো।
এই নিয়ে চীন-জাপান সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়।
ইয়োমিউরি জানিয়েছে, প্রতি বছর নিজ চাহিদার ৭ দশমিক ৫ ভাগ পরিমাণ ১৫শ’ টন বিরল মৃত্তিকা কাজাখস্তান থেকে আমদানী করার পরিকল্পনা করেছে জাপান।
বিরল মৃত্তিকার রপ্তানী হ্রাস করায় বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের বিরুদ্ধে ইউরোপ, জাপান ও যুক্তরাষ্ট্র নালিশ জানিয়েছে। ডব্লিউটিও এই অভিযোগের তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪০ ঘ.
bdnews24