ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় স্যান্ডিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে হাইতিতে খাদ্য স্বল্পতা দেখা দেয়ার আশঙ্কা বাড়ছে।
তাছাড়া বন্যার কারণে দেশটিতে ব্যাপকভাবে কলেরাও ছড়িয়ে পড়তে পাওে বলে সতর্ক করেছে ত্রাণকর্মী ও দেশটির কর্মকর্তারা।
স্যান্ডির কবলে পড়ে ক্যারিবিয়ান অঞ্চলে মৃত ৭০ জনের মধ্যে হাইতিতেই মারা গেছে ৫০ জনের বেশি মানুষ।
গত সপ্তাহে হাইতিতে আঘাত হানার সময় স্যান্ডি ছিল সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড়। এর প্রভাবে দেশটিতে ব্যাপক বৃষ্টি ও বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি খাতের এ ক্ষয়-ক্ষতি বড় ধরনের শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দক্ষিণাংশে কলা, কলার মত প্লানটেইন নামক আরেকটি ফল ও ভুট্টাসহ ৭০ শতাংশের বেশি ফসল নষ্ট হয়েছে।
খাদ্য অনিরাপত্তা, বিশেষত হাইতির দুর্যোগবিধ্বস্ত অঞ্চলে ইতোমধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
দেশটির বেশিরভাগ এলাকা দুর্যোগের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী লরেন্ট লামোথে।
বন্যা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নষ্ট হওয়ায় আরো ব্যাপকভাবে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২০১০ সালের শেষ দিক থেকে দেশটিতে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত ৭ হাজার ৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এখনো প্রতি সপ্তাহে নিবন্ধিত হচ্ছে শতশত নতুন রোগী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫০ঘ.
bdnews24