মক্কায়, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মক্কায় সিরীয় হাজিদের প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে এতে কেউ হতাহত হয়নি।
সিরিয়ায় রক্তক্ষয় বন্ধে আন্তর্জাতিক ব্যর্থতার বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। সিরিয়ার বিদ্রোহীদের পতাকা উড়িয়ে মুসল্লিরা মিনার জামারাত ব্রিজ অভিমুখে পদযাত্রা করে।
এ সময় দুটো পুলিশী যান ধীরগতিতে সাইরেন বাজিয়ে বিক্ষোভ মিছিল অভিমুখে অগ্রসর হয় এবং লাউডস্পিকারে বিক্ষুব্ধ মসল্লিদেরকে ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়।
এরপরপই বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। অন্যান্য মুসল্লিদের ভিড়ে মিশে যায় সিরীয় বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
সৌদি আরব হজ কে জাতীয়তাবাদী ভাবাবেগ এবং রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানালেও তা উপেক্ষা করে বিক্ষোভ করছে সিরীয়রা।
গত বৃহস্পতিবার হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতার সময়ও আসাদ বিরোধী বিক্ষোভ হয়েছে।
আসাদ সরকারকে একঘরে করার আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। সিরিয়ার বিদ্রোহীদেরও সহায়তা করছে তারা।
মক্কায় সিরীয়দের বিক্ষোভের সময় নিরাপত্তারক্ষীরা তাদের বাধা না দিয়ে দাঁড়িয়ে থাকে। “আমাদের কথা শুনছে না এ বিশ্বাস থেকেই আমরা সোচ্চার হয়েছি”, বলেন এক বিক্ষোভকারী।
তিনি আরো বলেন, এ বিক্ষোভ রাজনৈতিক নয় বরং মানবিক। কারণ, সিরিয়ার বিষয়টি মানব্কি ইস্যুতে পরিণত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৪০৫ঘ.
bdnews24