ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে মন্ত্রিসভায় রদবদলের ঠিক আগ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার পর পদত্যাগ করেছেন আরো তিন মন্ত্রী।
এদের মধ্যে তথ্যমন্ত্রী অম্বিকা সোনি এবং পর্যটনমন্ত্রী সুবোধ কান্ত সাহাই শনিবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে।
এস এম কৃষ্ণার পর শুক্রবার রাতে পদত্যাগ করেন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী মুকুল ওয়াসনিক। আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী মহাদেব খান্ডেলাও শনিবার পদত্যাগ করেছেন।
কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের মন্ত্রিসভায় রদবদল আসছে রোববার সকালে। তার আগেই পদত্যাগ করলেন চার মন্ত্রী, যাদের মধ্যে কৃষ্ণা ও অম্বিকা সোনির মতো প্রভাবশালী নেতাও রয়েছেন।
মনমোহন সিংয়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও দলের স্বার্থে কাজ করে যাবেন বলে পদত্যাগী মন্ত্রীরা অঙ্গীকার করেছেন।
রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র বেনু রাজামনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, রোববার বেলা সাড়ে ১১টায় মন্ত্রিসভার রদবদল হবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী মনমোহন সিং ইউপিএ চেয়ারপারসন ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকের পর থেকে মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের কথা শোনা যাচ্ছে।
পদত্যাগী পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, তিনি তরুণদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন।
রদবদলের মধ্য দিয়ে মন্ত্রিসভায় রাহুল গান্ধীর স্থান হতে যাচ্ছে বলেও জোর গুঞ্জন রয়েছে। সোনিয়া ও রাজিব গান্ধীর ছেলে এবং দলের সাধারণ সম্পাদককে কংগ্রেসের তরুণ নেতারা মন্ত্রিসভায় চান এবং তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেও মনে করেন।
নতুন মন্ত্রী হিসেবে তরুণ নেতা শচীন পাইলট ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নাম শোনা যাচ্ছে বলে টাইমস অফ ইন্ডিয়ার খবর। পত্রিকাটি আরো বলেছে, মধ্য প্রদেশের প্রজারাজম পার্টির নেতা এক সময়ের চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জীবীও মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন। শোনা যাচ্ছে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও পশ্চিমবঙ্গের নেতা প্রিয়রঞ্জন দাশ মুন্সির স্ত্রী দীপা দাশমুন্সীর নামও।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এস এম কৃষ্ণার স্থলে বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা আসতে পারেন বলে এনডিটিভি জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌড়ে মানবসম্পদ উন্নয়ন ও টেলিযোগাযোগ মন্ত্রী কপিল সিবালের নাম আগে শোনা গেলেও এখন সেই সম্ভাবনা নেই বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এএল/বিসিএস/এমআই/১৭১০ ঘ.
bdnews24