২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে কলিন পাওয়েলের সমর্থন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টায় সমর্থন দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিপাবলিকান কলিন পাওয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ড্যাভেনপোর্ট, আইওয়া, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টায় সমর্থন দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিপাবলিকান কলিন পাওয়েল। আফগানিস্তান যুদ্ধ শেষ করা এবং সন্ত্রাস মোকাবেলায় ওবামার প্রচেষ্টার কথা তুলে ধরে পাওয়েল তাকে সমর্থন জানান। সিবিএস প্রোগ্রাম দিস মর্নিং অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে পাওয়েল বলেন, “এখন আমরা যে পথে চলছি তা ধরে রাখা উচিত বলে আমি মনে করি।” রিপাবলিকান কলিন পাওয়েল ২০০৮ সালেও ওবামাকে সমর্থন দিয়েছিলেন। এ ব্যাপারে তিনি বলেন, “আমি ২০০৮ সালে তাকে ভোট দিয়েছি। আর ২০১২ তেও একই সিদ্ধান্তে অটল থাকার পরিকল্পনা করেছি।” ওবামার প্রশংসা করে পাওয়েল বলেন, “তার আমলে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে এসেছে। তিনি যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদ থেকে সুরক্ষা দিয়েছেন এবং ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ শেষ করেছেন। আর সে কারণেই এ ধারা আমাদের অব্যাহত রাখা উচিত বলে মনে করছি।” ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তৃতীয় এবং শেষ নির্বাচনী বিতর্কে ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে তুমুল তর্কযুদ্ধের কয়েকদিন পরই পাওয়েল এ সমর্থন জানালেন ওবামাকে। জরিপে জনসমর্থনের দিকে থেকে রমনি এবং ওবামাকে প্রায় সমান সমান অবস্থানে দেখা যাচ্ছে। বুধবার রয়টার্স/আইপিসোসের জনমত জরিপে রমনি ওবামার চেয়ে ১ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন। রমনির পক্ষে জনমত ছিলো ৪৭ শতাংশ এবং ওবামার পক্ষে ৪৬ শতাংশ। পাওয়েল রমনির পররাষ্ট্রনীতি অসামঞ্জস্যপূর্ণ বলে সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি রমনির বাজেট ঘাটতি সামাল দেয়া এবং প্রতিরক্ষা খাতে কাটছাঁটের বিষয়টি নিয়েও সমালোচনা করেন। ওদিকে, ওবামা প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে অভিবাসন আইনের সংশোধন ও বাজেট ঘাটতি কমিয়ে আনবেন তিনি। আটটি অঙ্গরাজ্যে টানা নির্বাচনী প্রচারণায় নামছেন ওবামা। আইওয়া থেকে শুরু হওয়া এ প্রচারণা অভিযানের ঠিক আগেই একটি সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব প্রতিশ্রুতির কথা বলেন। বুধবার প্রকাশিত এ সাক্ষাৎকারে ওবামা বলেন, আগামী বছরই সংশোধিত অভিবাসন আইন অনুমোদিত হবে বলে আশা করছেন তিনি। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে বাজেট ঘাটতি কমিয়ে আনতে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের সঙ্গে একটি মধ্যস্ততা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯২০ঘ.