২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

শুরু হচ্ছে হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। পুণ্যের আশায় আরাফাতের ময়দানে জড়ো হতে শুরু করেছেন লাখো মুসলমান। তাদের মুখে ‘লাব্বাইক’ ধ্বনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক- হে আল্লাহ, তোমার ডাকে আমি হাজির’ ধ্বনিতে মুখরিত সৌদি আরবের আরাফাতের ময়দান। সৌদি আরবের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বুধবার হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মক্কা নগরীর কাবা শরিফ থেকে রওনা হয়ে পাঁচ কিলোমিটার দূরে মিনায় জড়ো হন বিশ্বের ১৫০টি দেশের প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান, যার মধ্যে প্রায় সোয়া এক লাখ গেছেন বাংলাদেশ থেকে। ইবাদত-বন্দেগিতে মিনায় রাত কাটানোর পর আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির করেন তারা। নামাজ পড়েন জামায়াতের সঙ্গে। এরপর হজের মূল আনুষ্ঠানিকতার জন্য বৃহস্পতিবার ভোরে মিনা থেকে যাত্রা করেন ১০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশে। শুভ্র সেলাইবিহীন এক কাপড়ে মুসল্লিরা আরাফাতের ময়দানে হজের খুতবা শুনবেন এবং একইসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবার হজের খুতবা দেবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ। মসজিদে নেমরা থেকে এ খুতবা রেডিও ও টেলিভিশনেও সম্প্রচার করা হবে। আরাফাত থেকে মিনায় ফেরার পথে সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন মুসল্লিরা। মুজদালিফায় রাতে থাকার সময় পাথর সংগ্রহ করবেন তারা, যা মিনার জামারায় শয়তানকে উদ্দেশ্য করে ছোড়া হবে। শুক্রবার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মিনায় ফিরে জুমার নামাজ আদায় করবেন। এরপর শয়তানকে (প্রতিকী) পাথর ছুড়বেন। কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করার পর সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফ করে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। মিনায় আনুষ্ঠানিকতা শুরু হলেও আরাফাতের ময়দানে কার্যক্রমকেই হজের মূল অনুষ্ঠান হিসেবে ধরা হয়। ১৪ শ’ বছরেরও বেশি সময় আগে এ আরাফাতের ময়দানেই বিদায়ী হজের ভাষণ দেন হজরত মুহাম্মদ (সা.)। আরব নিউজের খবরে বলা হয়, বুধবার ফজরের নামাজের পর মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হন মুসল্লিরা। অনেকেই আগের দিন মিনায় পৌঁছান। মিনায় অসংখ্য সাদা তাঁবুতে অবস্থান করেন তারা। হজ কমিটির চেয়ারম্যান ও সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন আবদুল আজিজ মুসল্লিদের মিনা যাত্রা দেখেন। হজ সুষ্ঠুভাবে পালনের জন্য সব ব্যবস্থাই নেয়া আছে বলে জানান তিনি। হজ সুষ্ঠুভাবে শেষ করতে সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মক্কা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ হাজার কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়াসহ যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রাখা হয়েছে কয়েক হাজার কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৩০৯ ঘ.