২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিমির কণ্ঠে মানুষের স্বর’

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত একটি বেলুগা তিমির স্বর প্রায় মানুষের মতো হয়ে উঠেছে। তিমির স্বরে মানুষের কণ্ঠস্বরের মতো শব্দ শুনে বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত একটি বেলুগা তিমির স্বর প্রায় মানুষের মতো হয়ে উঠেছে। তিমির স্বরে মানুষের কণ্ঠস্বরের মতো শব্দ শুনে বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত একমাত্র ডলফিন ছাড়া আর কোনো প্রাণীকেই প্রশিক্ষণ দিয়ে মানুষের কথার শব্দ নিখুঁতভাবে ও এত বেশি সময় ধরে নকল করা শেখানো যায়নি বলে বিবিসি জানিয়েছে। নয় বছর বয়সী এই বেলুগা প্রজাতির তিমিটির নাম এনওসি। এনওসির স্বরের রেকর্ডকৃত অংশে দেখা যায়, তিমিটি পাশ্চাত্য সঙ্গীত সারগামের অক্টেভ প্রায় আয়ত্ত করে ফেলেছে। তবে তিমির উৎপন্ন শব্দটি কোত্থেকে আসছে তা নিয়ে রহস্য রয়ে গেছে। বেলুগা তিমিদের সৃষ্ট ধারাবাহিক উচ্চ তরঙ্গের শব্দের জন্য তাদের ‘সাগরের ক্যানারি’ বলে ডাকা হয়। তিমিদের মানুষের মতো শব্দ উৎপন্ন করার কথা এর আগে শোনা গেলেও কেউ এর রেকর্ডকৃত কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল মেরিন ম্যামাল ফাউন্ডেশনের এক ডুবুরি একদিন ডুব দিয়ে উঠে জিজ্ঞেস করেন, “ কে আমাকে যেতে বললো?” পরে ওই শব্দের উৎস হিসেবে এনওসি কে শনাক্ত করে তার স্বর রেকর্ড করা হয়। এনওসি’র স্বরের রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায় তা তিমির চেয়ে মানুষের স্বরের সঙ্গেই বেশি মিলে যায়। ন্যাশনাল মেরিন ম্যামাল ফাউন্ডেশনের প্রধান স্যাম রিজওয়ে বলেন, “আমাদের পর্যবেক্ষণ বলে মানুষের মতো শব্দ উৎপন্ন করার জন্য তিমিটিকে তার স্বর তৈরির কলাকৌশলের উন্নয়ন করতে হয়েছে। আমরা যে শব্দ শুনেছি তা বেলুগা তিমির স্বরশীলনের এক পরিষ্কার উদাহরণ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪১ ঘ.