বোকা র্যাটন, ফ্লোরিডা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ বিতর্কে ডেমক্রেট প্রার্থী প্রেসিডেন্ট ওবামা জয়লাভ করেছেন। বিতর্কে পররাষ্ট্রনীতি নিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে তীব্র আক্রমণ করেন ওবামা।
সোমবার রাতে ফ্লোরিডার বোকা র্যাটনের লিন বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।
ওবামা জিতলেও নব্বই মিনিটের এই বিতর্কে কোনো প্রার্থীই নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করতে পারেননি।
বিতর্ক পরবর্তী সিএনএন’র জনমত জরিপে, ৪৮ শতাংশ ভোটার ওবামা জয়ী হয়েছেন বলে জানিয়েছেন আর ৪০ শতাংশ বলেছেন রমনি জিতেছেন।
বিতর্কের মূল বিষয় পররাষ্ট্রনীতি হলেও ঘুরেফিরেই বিতর্ক অভ্যন্তরীণ নীতিতে ফিরে আসছিল। বার বার অর্থনীতিতে ওবামার ব্যর্থতার কথা উল্লেখ করে রমনি বিতর্কে প্রাধান্য বিস্তারের চেষ্টা করেন। কিন্তু বিতর্কের শুরু থেকেই ওবামা বেশ আক্রমণাত্মক ছিলেন।
কোটি কোটি ভোটারের প্রতি টেলিভিশনের মাধ্যমে শেষ আবেদন জানানোর এই সুযোগ তুলনামূলক ভালোভাবে কাজে লাগিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।
মধ্যপ্রাচ্য সম্পর্কে রিপাবলিকানদের সীমাবদ্ধ ধারণার তীব্র সমালোচনা করেন ওবামা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য আরো যুদ্ধজাহাজ তৈরি করার জন্য রমনির আহ্বানের অসারতা তুলে ধরে তা নিয়ে ঠাট্টা করে ওবামা বলেন, রমনি যুক্তরাষ্ট্রকে ঠাণ্ডা লড়াইয়ের যুগে ফিরিয়ে নিয়ে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে রাখতে চান।
রমনি যখন বলেন তিনি নৌবাহিনীর জন্য আরো নতুন জাহাজ বানাতে চান ওবামা তড়িৎ জবাব দেন, আগের ২৮৫টি জাহাজের জায়গায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এখন ৩০০টি জাহাজ আছে।
বিশ্ব বাস্তবতা সম্পর্কে রমনির সীমাবদ্ধ ধারণাকে উপহাস করে ওবামা বলেন, “গভর্নর, আমাদের ঘোড়া ও বেয়নেটেরও স্বল্পতা আছে।”
“২০ বছর আগেই ঠাণ্ডা লাড়াইয়ের যুগ শেষ হয়েছে। আপনি সুযোগ পেলে পররাষ্ট্রনীতিতে ১৯৮০ সালকে আবার আমদানি করবেন বলে মনে হচ্ছে,” বলেন ওবামা।
ওবামা আরো বলেন, রিপাবলিকান প্রার্থী রমনি একসময় রাশিয়াকে যুক্তরাষ্ট্রের “ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী” হিসেবে উল্লেখ করে পরে ভুল বুঝতে পেরে এখন সময়ের দাবি মিটিয়ে কথা বলার চেষ্টা করছেন।
জনপ্রিয়তা জরিপে সাম্প্রতিক অগ্রগতি ধরে রাখার জন্য রমনি বিতর্কে কোনো ভুল না করার জন্য অতিরিক্ত সতর্ক ছিলেন। তিনি বলেন, ওবামার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা নীতির কারণে সেখান থেকে আল কায়েদার হুমকি দমন করা যায়নি।
তিনি বলেন, “আমাকে আক্রমণ করা কোনো নীতি হতে পারে না। আমাকে আক্রমণ করে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলোর মোকাবেলা করা যাবে না।”
পাল্টা যুক্তিতে ওবামা বলেন, লিবিয়ার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে চালানো অভিযানে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে ইরাকে দুই সপ্তাহেই তার চেয়ে বেশি ব্যয় করেছে আগের রিপালিকান প্রশাসন।
বিতর্কে রমনি তার নির্বাচনী প্রচারণার মূল ধারণা ‘যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনীতিকে সবল করা’, এ প্রসঙ্গে বার বার ফিরে আসেন। তিনি বলেন, শক্তিশালী অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নির্ভরশীল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২৩ ঘ.
bdnews24