দুবাই, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় এ সপ্তাহে সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি করা নিয়ে সমঝোতার আশা ক্ষীণ। আরব লিগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন।
আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমি ঈদুল আযহা উপলক্ষ্যে সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি করার জন্য চাপ দিচ্ছেন। শুক্রবার থেকে তা শুরু হওয়ার কথা। কিন্তু আরব লিগের উপ মহাসচিব আহমেদ বেন হিল্লি বলেন, এখন পর্যন্ত এ আশা ক্ষীণ।
দুবাইয়ে এক সম্মেলনের ফাঁকে তিনি বলেন, “এখন পর্যন্ত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সরকারের যে প্রতিক্রিয়া তাতে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রকৃত সদিচ্ছার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।”
তিনি বলেন, “ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। পরিস্থিতি বদলাবে এবং সরকার ও বিরোধীদল সামান্য হলেও যুদ্ধবিরতি আলোচনায় সাড়া দেবে বলে আমরা আশা করি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফ/এলকিউ/১৬৪২ঘ.
bdnews24