ওয়াশিংটন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত বছর স্পেনে এক ভূমিকম্পে ৯ জন নিহত হয়েছিল। একটি ভূগর্ভস্থ প্রাকৃতিক জলাধার থেকে কয়েকদশক ধরে পানি উত্তোলন ওই ভূমিকম্পটির কারণ হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
রোববার বিজ্ঞান সাময়িকী নেচার জিওসায়েন্সে স্পেনের ওই ভূমিকম্প নিয়ে পরিচালিত গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে।
পৃথিবীর গতিশীল পৃষ্ঠটি মানুষের কার্যকলাপে প্রভাবিত হয়, বিজ্ঞানীদের ওই গবেষণায় এমন ধারণাই প্রতিষ্ঠিত হয়েছে।
২০১১ সালের ১১ মে স্পেনের দঞ্চিণাঞ্চলীয় শহর লোরকায় ৫ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পটি হয়েছিল। মাঝারিমাত্রার ওই ভূমিকম্পে তুলনামূলক ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। ৯ জন মারা গিয়েছিল ও অনেক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
প্রধান গবেষক পশ্চিম অন্টারিও বিশ্ববিদ্যালয়ের পাবলো গনজালেজ বলেন, তিনি তার সহকর্মীরা নিশ্চিত হয়েছেন স্থানীয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সঙ্গে ভূমিকম্পটি সম্পর্কিত। পানির স্তর নিচে নেমে গেলে পৃথিবী পৃষ্ঠের ওপর চাপ সৃষ্টি হয়ে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে।
নিজেদের অনুমান প্রমাণ করার জন্য গবেষকরা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সংগ্রহ করা তথ্য ব্যবহার করেন। তারা দেখতে পান, কয়েকদশক ধরে পানি উত্তোলনের ফলে ওই অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর গত পাঁচ দশকে ২৫০ মিটার নিচে নেমে গেছে।
এতে ভূপৃষ্ঠের ওপর দিকে সৃষ্ট চাপের ফলেই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের পর ওই চাপ মুক্ত হয়ে এলাকার ভূপৃষ্ঠের বিন্যাস নতুন রূপ নিয়েছে।
সাধারণত ভূপৃষ্ঠের চ্যুতি এলাকায় ভূমিকম্পের উৎপত্তি স্থল। স্পেনের এ এলাকায়ও একটি ভূ-চ্যুতি আছে যা আলহামা দ্য মুর্সিয়া চ্যুতি নামে পরিচিত। গবেষণায় দেখা গেছে মানুষের কার্যকলাপ এই চ্যুতির ওপর বাড়তি চাপ তৈরি করেছিল।
লোরকা এলাকাটি কৃষিপ্রধান। এখানে বিভিন্ন ফল ও শাকসবজি চাষ ও পশুপালনের জন্য প্রচুর ভূগর্ভস্থ পানি ওঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫২৯ ঘ.
bdnews24