ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের রাজধানী তেহরানের একটি কারাগার পরিদর্শনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নিষেধ করে দিয়েছে দেশটির বিচার বিভাগীয় কর্মকর্তারা।
গত মাসে নিউ ইয়র্কে অবস্থানকালে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ঘনিষ্ঠ সহযোগী কারাবন্দি হওয়ার পরিপ্রেক্ষিতেই সহসা তিনি কারাগার পরিদর্শনের ইচ্ছে ব্যক্ত করেছেন, এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে বিবিসি জানায়।
আহমাদিনেজাদের গণমাধ্যম উপদেষ্টা আলি আকবার জাভানফেকারকে গ্রেপ্তার করে তেহরানের ইভিন কারাগারে রাখা হয়।
জাভানফেকারে বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানি নেতাদের অপমান করেছেন।
আহমাদিনেজাদকে কারাগার পরিদর্শনে নিষেধ করে দেওয়ার ব্যাখ্যা হিসেবে বিচার বিভাগীয় কর্মকর্তারা জানান, ইরান বর্তমানে অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করছে। এটি তার কারাগার পরিদর্শনে আসার উপযুক্ত সময় নয়।
প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে কারাগার পরিদর্শনে এই অপারগতা, দেশটিতে তার কর্তৃত্ব কমারই ইঙ্গিত।
দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে আহমাদিনেজাদের মেয়াদ রয়েছে আর মাত্র আট মাস।
প্রধান আইন কর্মকর্তা গোলাম হোসেইন মহসেনি ইজেই সংবাদসংস্থা ইসনাকে বলেন, “আমরা এখন একটি বিশেষ পরিস্থিতির মধ্যে রয়েছি। অর্থনীতি ও মানুষের জীবনযাত্রাই এখন অগ্রাধিকারের বিষয়। সব কর্তৃপক্ষের এখন ওই সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া উচিৎ। কারাগার পরিদর্শন গৌণ বিষয়।”
তিনি আরো বলেন, “গত সাত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকালে তিনি (আহমাদিনেজাদ) একবারও এ ধরনের কোনো ইচ্ছার কথা প্রকাশ করেননি।”
ইজেই বলেন, তার (আহমাদিনেজাদ) এই পরিদর্শন “সরকারের সঙ্গে যুক্ত একজন কারাবন্দির জন্য”। এ সময় তিনি প্রেসিডেন্টের গণমাধ্যম উপদেষ্টা কারাবন্দি আলি আকবার জাভানফেকারের প্রতি ইঙ্গিত করেন।
ইরানের বিচারবিভাগ দেশটির কঠোর রক্ষণশীল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আরোপিত বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে দেশটিতে মুদ্রা সংকট দেখা দিয়েছে। দেশটির অর্থনীতিও কঠিন পরিস্থিরির মুখোমুখি।
অনেক ইরানি এ সংকটের জন্য প্রেসিডেন্ট আহমাদিনেজাদের নীতিকেই দায়ী করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৯ ঘ.
bdnews24