মিশরে ইসলামপন্থিদের ‘চাপে’ আদালত বন্ধ
মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ইসলামপন্থিদের বিক্ষোভ-প্রতিবাদের ‘চাপে’ রোববার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের সব কার্যক্রম।
মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ইসলামপন্থিদের বিক্ষোভ-প্রতিবাদের ‘চাপে’ রোববার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের সব কার্যক্রম।
এর আগে খসড়া সংবিধানের ওপর রুল জারি করতে কায়রোতে এক বৈঠকে বিচারকদের যোগ দিতে বাধা দেয় ইসলামপন্থী বিক্ষোভকারীরা। খসড়া সংবিধানের বৈধতা চ্যালঞ্জ করে যে কোন রুল ঠেকাতে চায় প্রেসিডেন্টের তারা।
বিক্ষোভ-প্রতিবাদের কারণে বিচারকরা আদালতে প্রবেশ করতে পারেনি জানিয়ে সর্বোচ্চ সাংবিধানিক আদালত বলেছে, বিচারকরা মনস্তাত্বিক চাপবিহীনভাবে কাজ করতে না পারা পর্যন্ত আদালতের কোনো কাজ শুরু করা হবে না।
মুরসির কয়েকশ সমর্থক রাতভর আদালতের বাইরে বিক্ষোভ করেছে। মিশরের গণপরিষদের বৈধতা যাচাই করা নিয়ে আদালতে অধিবেশনের আগে এ বিক্ষোভ করে তারা।
গণপরিষদ এরই মধ্যে খসড়া সংবিধান অনুমোদন করেছে। ১৫ ডিসেম্বর খসড়া সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মুরসি।
শনিবার পার্লামেন্টের অনুমোদিত খসড়া সংবিধানের একটি প্রতিলিপি প্রেসিডেন্ট মুরসিকে দেওয়ার পর তিনি গণভোটের ডাক দেন।
মুরসি বিরোধীদের দাবি, খসড়া সংবিধানে মৌলিক স্বাধীনতাকে হেয় করা হয়েছে।
রোববার মিশরের সঙ্কটে মুরসি ও তার মুসলিম ব্রাদারহুড এবং প্রধানত ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলো ও আদালতের মধ্যে বিভাজন তৈরি হয়েছে।
বিচার বিভাগ প্রেসিডেন্টের সিদ্ধান্তে বিরোধিতা করতে পারবে না বলে ২২ নভেম্বর এক ডিক্রি জারি করেন মুরসি।
তাই সর্বোচ্চ সাংবিধানিক আদালত রুল জারি করলে কী হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
তবে বিশ্লে¬ষকরা বলছেন, প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রুল জারি করা হবে সরাসরি চ্যালেঞ্জ যা ডিক্রি বাতিল করতে বিরোধীদের আন্দোলনকে বেগবান করে তুলবে।
সর্বোচ্চ সাংবিধানিক আদালত গণপরিষদের বৈধতা বাতিল করলে গণভোটের ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা তা এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না।
শুক্রবার খসড়া সংবিধানটির ওপর পার্লামেন্টে ভোটাভুটি হয়। এর আগে সংবিধানের প্রস্তাবিত ২৩৪টি ধারা নিয়ে বৃহস্পতিবার থেকে পার্লামেন্ট সদস্যদের মধ্যে আলোচনা শুরু হয়। আলোচনা বৃহস্পতিবার সারারাত ধরে চলে।
শুক্রবার সকালে পার্লামেন্টের উদারপন্থী, ধর্মনিরপেক্ষ ও খ্রীস্টান সদস্যরা পার্লামেন্টের অধিবেশন থেকে বের হয়ে যায়। নতুন সংবিধানে ইসালামপন্থীরা নিজেদের দৃষ্টিভঙ্গী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে ভোট প্রত্যাখান করে তারা।
পরে কোনো সংশোধন ছাড়াই ইসলামপন্থীদের আধিপত্য থাকা পার্লামেন্টে খসড়া সংবিধানের সবগুলো ধারা ভোটাভুটির মাধ্যমে অনুমোদিত হয়।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্যমতে, খসড়া সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে এবং শরিয়া আইনকে “আইনের প্রধান উৎস হিসেবে” বিবেচনা করা হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক প্রণীত সংবিধানেও ওই বিষয়গুলো ছিল। নতুন সংবিধানেও তা বহাল রাখা হয়েছে।
শনিবার সরকার বিরোধী অন্যতম নেতা মোহামেদ এলবারাদি টুইটারে বলেন, “যে সংবিধানের ওপর ভিত্তি করে গণভোটের ডাক দিয়েছেন মুরসি তাতে মৌলিক স্বাধীনতা ও বৈশ্বিক মূল্যবোধগুলো অবজ্ঞা করা হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলন চলবে।”
২২ নভেম্বর মুরসির ডিক্রি জারির পর থেকে অব্যাহত সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় এ পর্যন্ত দুই জন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হয়েছে।
ডিক্রি জারিকে কেন্দ্র করে মিশরের ক্ষমতাসীন ইসলামপন্থী শাসক গোষ্ঠীর সঙ্গে বিরোধীদের রাজনৈতিক বিভক্তি আরো তীব্র হয়ে উঠেছে।
গণভোটে জনতার রায় নতুন সংবিধানের পক্ষে গেলে মিশরের আগের সংবিধানের সব ঘোষণা পরিবর্তিত হয়ে যাবে। মুরসির ঘোষিত ডিক্রিও নতুন সংবিধানের আওতায় নতুন করে সাজাতে হবে।
নতুন সংবিধান গৃহীত হওয়ার ৬০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে। এর মাধমে মিশরীয় সরকার ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন সাধিত হবে। প্রেসিডেন্টের মেয়াদ দুই বছরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে।
নতুন সংবিধান সামরিক বাহিনীর ওপর বেসামরিক প্রশাসনের ক্ষমতার আওতাও বৃদ্ধি করবে।
