বৈরুত, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে গুচ্ছ বোমা ব্যবহার করছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটি রোববার এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে বিদ্রোহীদের কাছ থেকে একটি মহাসড়ক পুনর্দখলের লড়াইয়ে বেসামরিক এলাকাগুলোতে রাশিয়ার তৈরি গুচ্ছ বোমা হামলা চালায় সরকারি বাহিনী।
জঙ্গি বিমান এবং হেলিকপ্টার থেকে এ বোমা ফেলা হয়। মারাত আল নুমান শহরের মধ্য দিয়ে চলে যাওয়া প্রধান উত্তর-দক্ষিণ মহাসড়কের কাছেই বেশিরভাগ বোমা ফেলেছে সেনারা।
বিদ্রোহীরা গত সপ্তাহে মহাসড়কটি প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর কাছ থেকে দখল করে। এতে করে বিচ্ছিন্ন হয়ে পড়ে আলে্েপ্পা থেকে রাজধানী দামেস্কের সড়ক যোগাযোগ ব্যবস্থা। এরপর থেকেই সড়কটি পুনর্দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী।
এইচআরডব্লিউ এর আগেও জুলাই এবং অগাস্টে সিরিয়ায় গুচ্ছ বোমা হামলার খবর দিয়েছে। কিন্তু এখন আবার নতুন করে গুচ্ছ বোমা হামলার খবরে বিদ্রোহীদের বিরুদ্ধে জয়লাভে সরকারের বেপরোয়া অভিয়ানেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
গুচ্ছ বোমা মারাত্মক গণবিধ্বংসী অস্ত্র হওয়ার কারণে ১শ টিরও বেশি দেশ এ বোমার ব্যবহার নিষিদ্ধ করেছে। জনবসতিপূর্ণ এলাকায় এ বোমা ব্যবহার যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে বলে জানিয়েছে এইচআরডব্লিউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৯০৭ঘ.
bdnews24