নৌয়াকছট, মৌরিতানিয়া, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনা সদস্যদের ‘ভুল করে’ ছোড়া গুলিতে আহত মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহামেদ ওউলদ আব্দেল আজিজ রোববার জনগণকে আশ্বস্ত করতে টেলিভিশনে জনস্মুখে এসেছেন।
জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শনিবার রাতে তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ভাল আছেন। সুচিকিৎসার জন্য চিকিৎসক দলকেও ধন্যবাদ জানান তিনি।
তবে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ফ্রান্সে নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
টেলিভিশনে জনগণের উদ্দেশ্যে আজিজ বলেছেন, “সেনা সদস্যদের ভুল করে ছোড়া গুলির পর আমি আমার শারিরীক অবস্থা সম্পর্কে সবাইকে আশ্বস্ত করছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমি ভাল আছি।”
শনিবার রাজধানী নৌয়াকোটে ফেরার সময় টহলরত সেনাদল ‘ভুলবশত’ প্রেসিডেন্টের গাড়ি বহর লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানায় মৌরিতানিয়া সরকার।
‘সামান্য’ আহত প্রেসিডেন্ট আব্দেলাজিজকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটির যোগাযোগমন্ত্রী হামিদ ওউলদ মাহজউব প্রাথমিক খবরে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “প্রেসিডেন্টের গাড়ি বহর নৌয়াকোটে ফেরার সময় টহলরত সেনারা চিনতে না পেরে ভুলবশত গুলিবর্ষণ করে। এতে প্রেসিডেন্টের হাতে গুলি লাগে। আঘাত গুরুতর নয়, তার জীবন নিয়েও কোনো শঙ্কা নেই।”
সরকারের এমন ভাষ্যের পরও ‘প্রেসিডেন্ট ইসলামী উগ্রপন্থীদের গুলিতে আহত হয়েছেন’ বলে নৌয়াকোটে গুজব ছড়িয়ে পড়ে।
প্রেসিডেন্ট আব্দেল আজিজের নির্দেশে মৌরিতানিয়ার বাহিনী সম্প্রতি প্রতিবেশী দেশ মালির আল কায়েদা সংশি¬ষ্ট ইসলামী জঙ্গিদের ঘাঁটিতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে।
২০০৮ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এলেও ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন আব্দেল আজিজ। বিরোধীদের সঙ্গে সমঝোতার মাধ্যমেই ওই নির্বাচন হয়।
আব্দেল আজিজকে পশ্চিম আফ্রিকায় আল কায়েদার তৎপরতা দমনে পশ্চিমা দেশগুলোর প্রধান মিত্র হিসেবে বিবেচনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১৮ ঘ.
bdnews24