২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ ঝুঁকিতে বাংলাদেশ পঞ্চম

বিশ্বের ১৭৩টি দেশের মধ্যে দুর্যোগ ঝুঁকির তালিকায় বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 07:11 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের ১৭৩টি দেশের মধ্যে দুর্যোগ ঝুঁকির তালিকায় বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রকাশিত ওয়ার্ল্ডরিস্করিপোর্ট- ২০১২ এ তথ্য জানানো হয়। পরিবেশগত বিপর্যয়ের কারণে বিশ্বের অনেক দেশেরই দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় অভিযোজন সক্ষমতা কমে গেছে। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছর ব্যাপী পরিচালিত এই সমীক্ষায় যে ফলাফল বেরিয়ে এসেছে তা খুবই উদ্বেগজনক। এই সময়ের মধ্যে চার হাজার একশ’ ৩০টি দুর্যোগ, ১০ লাখেরও বেশি মানুষের প্রাণহানি এবং অন্তত এক দশমিক ১৯৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়ার্ল্ডরিস্করিপোর্ট- ২০১২ প্রকাশ করেছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি, অ্যালায়েন্স ডেভেলপমেন্ট ওয়ার্কস ও দ্য নেচার কনজারভেন্সি। প্রতিবেদনটি তৈরিতে দেশগুলোর পরিবেশগত বিপর্যয় এবং দুর্যোগকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১৭৩টি দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্যোগ ঝুঁকিতে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু (৩৬.৩১ শতাংশ)। সবচেয়ে কম ঝুঁকির দেশ কাতার। সেখানে দুর্যোগ ঝুঁকি ০.১০ শতাংশ। তার আগের অবস্থানে আছে মাল্টা, এর দুর্যোগ ঝুঁকি ০.৬১ শতাংশ। সার্ক দেশগুলোর মধ্যে দুর্যোগ ঝুঁকিতে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। এ অঞ্চলে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে নেপাল (৫.৬৯ শতাংশ ঝুঁকি)। দুর্যোগ ঝুঁকি বিবেচনায় পাকিস্তান ভারতের চেয়ে একধাপ এগিয়ে আছে। তালিকায় পাকিস্তানের অবস্থান ৭৪ তম (৭.২৫ শতাংশ) আর ভারতের অবস্থান ৭৩ তম (৭.২৮ শতাংশ)। সার্ক দেশগুলোর মধ্যে কম ঝুঁকির ক্রমে রয়েছে- ৬৩ তম শ্রীলঙ্কা (৭.৭৯ শতাংশ), ৫৫ তম অবস্থানে ভুটান (৮.১৭ শতাংশ) এবং ৯.৭৯ শতাংশ ঝুঁকিসহ আফগানিস্তানের অবস্থান ৪০ তম। অবশ্য সার্কভুক্ত অপর দেশ মালদ্বীপকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই রিপোর্ট অনুযায়ী, সর্বোচ্চ দুর্যোগ ঝুঁকিপূর্ণ ১৫টি দেশের তালিকায় রয়েছে- ভানুয়াতু (৩৬.৩১ শতাংশ), টোঙ্গা (২৮.৬২ শতাংশ), ফিলিপাইন (২৭.৯৮ শতাংশ), গুয়াতেমালা (২০.৭৫ শতাংশ), বাংলাদেশ (২০.২২ শতাংশ), সলোমন দ্বীপপুঞ্জ (১৮.১৫ শতাংশ), কোস্টারিকা (১৭.৩৮ শতাংশ), কম্বোডিয়া (১৭.১৭ শতাংশ), তিমোর-লেসেথে (১৭.১৩ শতাংশ), এল-সালভাদর (১৬.৮৯ শতাংশ), ব্রুনেই দারুসসালাম (১৫.৯২ শতাংশ), পাপুয়া নিউগিনি (১৫.৮১ শতাংশ), মরিসাস (১৫.৩৯ শতাংশ), নিকারাগুয়া (১৫.৩৬ শতাংশ), ফিজি (১৩.৬৯ শতাংশ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এইচএ/০১১৩ ঘ.