আটলান্টা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটে পাঁচ বছরের শিশুকে হামলার অভিযোগে বিচারের মুখোমুখি একটি কুকুরের পক্ষে আইনি লড়াইয়ের জন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বিচারক।
জর্জিয়ার ইফিনগাম কাউন্টির এক বাসিন্দার গৃহপাতিলত ওই কুকুরের নাম কো। পাশের বাড়ির পাঁচ বছরের শিশুকে বেশ কয়েকবার আহত করার পর গত গ্রীষ্মে কোকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় তার মালিক।
ইফিনগামের সহকারি অ্যাটর্নি এলিজাবেথ পাভলিস শুক্রবার রয়টার্সকে বলেন, ওই কুকুরের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য ক্লড কিকলাইটার নামের একজন সরকারি আইনজীবীকে নিয়োগ দিয়েছেন ইফিনগামের আদালতের বিচারক উইলিয়াম উড্রাম জুনিয়র।
এ বিষয়ে কিকলাইটার বলেন, “আমি শুধু এটুকু বলতে পারি, কুকুরটির পক্ষে লড়ার জন্য বিচারক আমাকে নিয়োগ দিয়েছেন। আমি সত্যিই জানি না কী কী বিষয় নিয়ে আমাকে কাজ করতে হবে।”
তবে পাভলিস বলেছেন, কুকুরটিকে মৃত্যুদণ্ড দেয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য চলতি মাসেই শুনানির দিন রাখা হয়েছে। এ মামলায় বিনা পারিশ্রমিকে কুকুরের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবেন কিকলাইটার।
এ বিষয়ে প্রাণী বিষয়ক মামলা বিশেষজ্ঞ ও সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ব্রুস ওয়াগম্যান বলেন, কোন প্রাণীর পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আইনজীবী নিয়োগের ঘটনা সাধারণত ঘটে না।
অবশ্য পাভলিস বলেছেন, কো নামের ওই কুকুরের পক্ষে আইনজীবী নিয়োগ দেয়ার জন্য বিচারক বাধ্য ছিলেন না। তার পক্ষের বক্তব্যগুলো তুলে ধরার জন্য এটা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২২১ ঘ.
bdnews24