২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে কৃচ্ছ্রবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ

সরকারের ব্যয় কাটছাঁট পরিকল্পনার বিরুদ্ধে আবারো বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল গ্রিস। গত জুনে রক্ষণশীল জোট সরকার ক্ষমতায় আসার পর গ্রিসে এটিই প্রথম অস্থিরতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

এথেন্স, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে সরকারের ব্যয় কাটছাঁট পরিকল্পনার প্রতিবাদে বুধবার ধর্মঘট চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ৫০ হাজারেরও বেশি মানুষ কৃচ্ছ্র পরিকল্পনার বিরুদ্ধে স্লোগান দিয়ে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা মিছিল করে পার্লামেন্টের কাছে গিয়ে পুলিশের দিকে পেট্রোল বোমা, পাথর ছুড়ে মারলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়ে। পার্লামেন্টের সামনে সিনটাগমা স্কয়ারে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ। বিক্ষোভকারীদের হটাতে ব্যবহার করা হয় হেলিকপ্টারও। গ্রিসে গত জুনে রক্ষণশীলদের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর প্রতিবাদ-ধর্মঘট ও সংঘর্ষের ঘটনা এটিই প্রথম। সরকারের ১ হাজার ১৫০ কোটি ইউরো ব্যয়সঙ্কোচনের নতুন পরিকল্পনার বিরুদ্ধে দেশের বড় দুটি শ্রমিক সংগঠন এ বিক্ষোভ-ধর্মঘট করছে। ২০১১ সালের মে মাসের পর গ্রিসে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে। একে নতুন প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসের ক্ষমতা ধরে রাখার প্রথম পরীক্ষা বলেই মনে করছেন বিশ্লেষকরা । ঋণ সঙ্কট কাটিয়ে ওঠার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে পরবর্তী দফায় তহবিল পাওয়ার কথা রয়েছে গ্রিসের। এর পূর্বশর্ত হিসাবে গ্রিসকে সরকারি ব্যয় কাটছাঁট করতে হবে। আর সে কারণেই বড় অঙ্কের ওই ব্যয়সঙ্কোচনের পরিকল্পনা করেছে সরকার। এ পরিকল্পনার আওতায় পেনশনের অর্থ কমানো এবং অবসরে যাওয়ার বয়স বাড়িয়ে ৬৭ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী সামারাস। সরকার পরিকল্পিত এ ব্যয়সঙ্কোচন বাস্তবায়ন করতে না পারলে কয়েকসপ্তাহের মধ্যে আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে গ্রিস। কিন্তু কৃচ্ছ্রনীতি হিসাবে সরকারের এ ব্যয়হ্রাস পরিকল্পনাকে অন্যায় বলেই মনে করছে গ্রিসের বেশির ভাগ মানুষ। এক গ্রিকের উক্তি, “আমরা আর এ বোঝা বইতে পারছি না। বাড়তি কর আর কম মজুরিতে আমরা মারা পড়ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৯১০ঘ.