ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে আগামী দুই দশকে ক্যান্সারে মৃত্যুহার ১৭ শতাংশ কমবে বলে দেশটির একটি গবেষণা সংস্থা বলেছে।
ক্যান্সার রিসার্চ ইউকে এক প্রতিবেদনে বলেছে, ধূমপায়ীর সংখ্যা কমার পাশাপাশি রোগ নির্ণয় এবং চিৎকিসার অগ্রগতির জন্য ২০৩০ সাল নাগাদ ক্যান্সারে মৃত্যুহার ‘নাটকীয়ভাবে’ কমে আসবে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে যুক্তরাজ্যে প্রতি এক লাখ মানুষের মধ্যে ক্যান্সারে ১৭০ জনের মৃত্যু হয়েছে এবং ২০৩০ সালে প্রতি লাখে এতে মৃত্যুর সংখ্যা ১৪২ জনে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যে ক্যান্সারে মৃতদের মধ্যে সাধারণত ফুসফুস, স্তন, অন্ত্র ও প্রোস্টেট ক্যান্সারে বেশিরভাগ মৃত্যু হয়।
ক্যান্সার রিসার্চ ইউকে বলেছে, আগামী দুই দশকে জরায়ু ক্যান্সারে মৃত্যুহার সবচেয়ে বেশি কমে আসবে।
এ বিষয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনের অধ্যাপক পিটার সাসিনি বলেন, “আমাদের সর্বশেষ হিসাবে দেখা গেছে, আগামী দশকগুলোতে অনেক ধরনের ক্যান্সারের ক্ষেত্রে মৃত্যুহার নাটকীয়ভাবে কমে আসবে।”
অবশ্য আগামী দুই দশকে মুখ ও যকৃতের ক্যান্সারে মৃত্যুহার বাড়তে পারে বলে ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ক্যান্সার রিসার্চ ইউকের নিবার্হী কর্মকর্তা হারপাল কুমার বলেন, “আমরা যে অগ্রগতি লাভ করছি তার ওপর আলোকপাত করেছে আমাদের এই নতুন হিসাব এবং এ হিসাব আমাদের কাজে অনুপ্রেরণা যোগাবে।”
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ বলেছে, “আমাদের এই নতুন হিসাবে ক্যান্সার চিকিৎসা ও তা রোধে অগ্রগতির চিত্র উঠে এসেছে। কিন্তু আমরা জানি, এখনো আমাদের আরো অনেক কিছু করতে হবে।”
“আমাদের লক্ষ্য হলো, ২০১৫ সাল নাগাদ প্রতি বছর আরো পাঁচ হাজার মানুষের জীবন বাঁচানো এবং ইউরোপে ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর সঙ্গে এক্ষেত্রে আমাদের সক্ষমতার যে ব্যবধান রয়েছে তা অর্ধেকে নামিয়ে আনা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এএইচ/১৮৪৯ ঘ.
bdnews24