২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিবাদের ভাষা যেন নৃশংস না হয়’

হজরত মুহাম্মদ (স.) নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের প্রতিবাদ যেন নৃশংসতার দিকে না যায়, সেজন্য নিউ ইয়র্কে মুসলিম ডে প্যারেডে সবার প্রতি আহ্বান জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজরত মুহাম্মদ (স.) নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের প্রতিবাদ যেন নৃশংসতার দিকে না যায়, সেজন্য সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে প্যারেড হয়েছে নিউ ইয়র্কে। মুসলিম ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে রোববার মুসলিম ডে প্যারেডে অর্ধশত মুসলিম দেশের প্রবাসী আমেরিকানরা অংশ নেন। আয়োজক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আবু এম নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলাম হচ্ছে শান্তি, সংযম এবং পরমত সহিষ্ণুতার ধর্ম। তাই মুসলমানদের এমন কোনো কাজ করা সমীচীন হবে না, যার ফলে ইসলামের ইমেজ প্রশ্নবিদ্ধ হতে পারে।” যুক্তরাষ্ট্রে নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ নিয়ে সারাবিশ্বে মুসলমানদের মধ্যে নিন্দা-প্রতিবাদের ঝড় বইছে। এনিয়ে সহিংসতায় পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিহতও হয়েছে ২৫ জনের বেশি। নুরুজ্জামান বলেন, “মুসলমানের লেবাসে স্বার্থান্বেষী চরমপন্থীরা সুযোগ নিতে পারে। তাই প্রতিবাদের সময় সবাইকে সজাগ থাকতে হবে।” মানুষের ব্যক্তি স্বাধীনতার বিষয়টি স্বীকার করেও তিনি বলেন, “তবে সে স্বাধীনতারও একটি সীমা থাকা প্রয়োজন। সারাবিশ্বের অন্যতম বৃহত্তম একটি জনগোষ্ঠীর প্রিয় নেতার অবমাননা হয়, এমন কোনো কাজ করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকা উচিত।” মুসলিম ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৭ বছর ধরে মুসলিম প্যারেড হলেও এবার চলচ্চিত্র নিয়ে বিতর্কের মধ্যে এর মেজাজ ছিল ভিন্নতর। হোটেল গ্র্যান্ড হায়াতের কাছের মেডিসন এভিনিউ থেকে শুরু হওয়া এই প্যারেড শেষ হয় ২৩ স্ট্রিটে। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পাশাপাশি চলে মুসলিম খাদ্য-সামগ্রির মেলা ও প্রদর্শনী। প্যারেডে এর আগে কংগ্রেস সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের অংশ নিতে দেখা গেলেও এবার কেউ ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০০০ ঘ.