ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইসলাম অবমাননা’র চলচ্চিত্রের নির্মাতাকে হত্যার জন্য পাকিস্তানি মন্ত্রীর এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণার নিন্দা জানিয়েছেন সেদেশেরই প্রধানমন্ত্রীর মুখপাত্র।
পাকিস্তানের রেলমন্ত্রী গুলাম আহমাদ বিলৌর শনিবার ‘ইনোসেন্স অব মুসলিমস’ ছবির নির্মাতাকে হত্যার জন্য ওই পুরস্কার ঘোষণা করেন।
এরপরই প্রধানমন্ত্রীর মুখপাত্র শাফকাত জলিল বিবিসি’ কে বলেন, রেলমন্ত্রীর ওই পুরস্কার ঘোষণার সঙ্গে সরকারের কোনো সংশ্লি¬ষ্টতা নেই।
তিনি বলেন, বিলৌর ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্য নন। তিনি আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)’র সদস্য। আর একারণে প্রধানমন্ত্রী এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য এএনপি প্রধানের সঙ্গে আলোচনায় বসবেন।
বিলৌর তার বক্তব্যে বলেছিলেন, চলচ্চিত্রের নির্মাতাকে হত্যার ‘পবিত্র দায়িত্ব’ পালনের জন্য তিনি নিজেরেে পেেকেট ক পুরস্কারের এই র্অ দেবেন। এ হত্যার জন্য তিনি তালেবন এবং আল কায়েদার সহায়তার কামনা করেন।
তবে তার এ মন্তব্য ব্যক্তিগত, দলের নীতি নয় বলে আগেই জানিয়েছে সরকারের শরিক দল এএনপি।
‘ইনোসেন্স অব মুসলিম’ নামের ওই চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (স.) অবমাননা করার প্রতিবাদে শুক্রবার পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংসতায় অন্তত ২০ জন নিহত হয়।
সম্প্রতি ওই চলচ্চিত্রের একটি অংশ ইউ টিউবের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়।
এ ঘটনায় এরইমধ্যে লিবিয়া, মিশর ও তিউনিসিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়েছে। লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে সন্ত্রাসী হামলায় সেদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার কর্মকর্তা নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১২২৬ ঘ.
bdnews24