২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মমতাকে ছাড়ল কংগ্রেস

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহারের পাশাপাশি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কংগ্রেসের ছয় মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

কলকাতা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে কংগ্রেসের ছয় জন মন্ত্রী পদত্যাগ করেছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার থেকেও সমর্থন প্রত্যাহার করেছে কংগ্রেস। এনডিটিভি এ তথ্য জানিয়েছে। কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রত্যাহার এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগের পরদিন এ পদক্ষেপ নিল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখা। শনিবার কলকাতায় মুখ্যমন্ত্রীর কার্যালয় রাইটার্স ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন কংগ্রেসের ওই মন্ত্রীরা। এরপর রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহারের জন্য গভর্নর এম কে নারায়ণের সঙ্গে দেখা করেন তারা। আর এর মধ্য দিয়েই ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক চুকে গেল মমতার তৃণমূল কংগ্রেসের। এই কংগ্রেসের সঙ্গে জোট বেধেই বামফ্রন্টের ৩৪ বছরের শাসনাবসান ঘটিয়ে গত বছরের মে মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গ সরকার থেকে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করলেও সরকার পতন ঘটছে না। কারণ ১৮৪ আসন নিয়ে মমতার তৃণমূল কংগ্রেসই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল। বিধানসভায় বামফ্রন্টের ৬১টি আসন রয়েছে যার মধ্যে সিপিএম’র আছে মাত্র ৩৯টি। তাই ৪১ আসন নিয়ে বিধানসভায় প্রধান বিরোধী দল হল কংগ্রেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২১৩৬ ঘ.