কায়রো, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্কিত চলচ্চিত্রের পর ফ্রান্সে প্রকাশিত বিতর্কিত কার্টুনের প্রতিক্রিয়ায় পাল্টা আঘাত করার পরিবর্তে হযরত মুহম্মদের (সা.) অনুসরণে ‘অপমান’ সহ্য করার জন্য মুসলামনদের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুফতি আলি গোমা।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বিশ্ব মুসলিম স¤প্রদায়ের প্রতি তিনি এই আহ্বান জানান।
ফ্রান্সে প্রকাশিত কার্টুনকে উত্তেজনা আরো উস্কে দেওয়ার প্রচেষ্টা বলে নিন্দা জানিয়ে গোমা বলেন, এতে পশ্চিমাদের সঙ্গে মুসলিম বিশ্বের বৈপরীত্য প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, “তার সময়ে মুহম্মদ (সা.) ও তার সঙ্গীরা অবিশ্বাসীদের চরম অবমাননাও ধৈর্য্য ধরে সহ্য করে গেছেন। তার আহ্বান শুধু উপেক্ষাই করা হয়নি, তাকে শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক বারই শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।”
“কিন্তু তার উদাহরণ হলো পাল্টাঘাত না করে সব ধরনের ব্যক্তিগত অপমান ও আঘাত ধৈর্য্য ধরে সহ্য করা। আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ আমাদের মহানবী (সা.), তাই তার উদাহরণ অনুসরণ করেই বিশ্ব মুসলিমের প্রতিক্রিয়া দেখানো উচিত,” বলেন তিনি।
আল আজহার বিশ্ববিদ্যালয়ও ‘ইসলামের অবমাননা’য় শান্তিপূর্ণ প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছে।
স¤প্রতি ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদকে (সা.) ‘হেয় করে’ যুক্তরাষ্ট্রে নির্মিত ছবি ‘ইনোসেন্স অব মুসলিমের’ প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কোনো কোনো জায়গায় প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের বিরুদ্ধে সহিংসতার রূপ নেয়।
এরই মধ্যে গত বুধবার হযরত মুহম্মদকে (সা.) ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করে ফ্রান্সের একটি সাময়িকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩১ ঘ.
bdnews24