ওয়াশিংটন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে গত সপ্তাহের হামলার ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ ছিল বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা।
এ হামলায় আল কায়েদার হাতও থেকে থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন।
১১ সেপ্টেম্বরে বেনগাজির মার্কিন কনস্যুলেটে রকেট-চালিত গ্রেনেড ও মর্টার হামলায় নিহত হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ ৪ জন।
ইসলামবিরোধী চলচ্চিত্রের বিরুদ্ধে বিক্ষোভের জেরে এ হামলা হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেলেও নতুন তথ্যে ভিন্ন আলামতই পাওয়া যাচ্ছে।
বুধবার মার্কিন কংগ্রেসের সিনেটে জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের পরিচালক ম্যাথিউ ওলসেন বলেন, “আমাদের দূতাবাসে তারা সন্ত্রাসী হামলাতেই নিহত হয়েছেন”।
তিনি আরো বলেন, হামলাটি পরিকল্পিত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এ পর্যন্ত পাওয়া তথ্যে বোঝা যাচ্ছে যে, এটি ছিল ‘একটি সুযোগসন্ধানী’ হামলা। বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে; যা শুরুর সঙ্গে সঙ্গেই স্বরূপ বদলেছে এবং চলেছে কয়েকঘণ্টা ধরে ।
ঘটনাস্থলে অস্ত্রে সুসজ্জিত জঙ্গিরা ছিল। কিন্তু হামলাটি পূর্বপরিকল্পিত কিংবা সমন্বিত ছিল কিনা সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য এখনো গোয়েন্দাদের হাতে নেই বলে জানান ওলসেন।
হামলাটি পরিকল্পিত ছিল কিনা তা নিয়ে ওবামা প্রশাসন এবং রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে ইতোমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে।
হামলার ধরণে এটি পূর্বপরিকল্পিত মনে হয় বলেই দাবি করছেন রিপাবলিকানরা। লিবিয়ার কর্মকর্তারাও হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে জানিয়েছেন।
তাদের সঙ্গে একমত প্রকাশ করে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেন, তিনিও মনে করেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বর্ষপূর্তির সঙ্গে মিলিয়ে ওই তারিখেই পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালানো হয়েছে।
এ হামলায় কারা জড়িত ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওলসেন। জঙ্গিগ্র“পের সঙ্গে জড়িতরাসহ অনেকেই এ হামলায় জড়িত থাকতে পারে বলে জানান তিনি।
আল কায়েদা কিংবা আল কায়েদা সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িতরা এ হামলা চালিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওলসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬০০ঘ.
bdnews24