ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ ও অন্যান্য সংস্কারের বিষয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দিনব্যাপী ধর্মঘট পালন করছে বিরোধী দল ও ট্রেড ইউনিয়নগুলো।
উত্তর প্রদেশ ও বিহারে বিরোধী দলীয় কর্মী-সমর্থকেরা রেল যোগাযাগ বন্ধ করে দিয়েছে বলে বিবিসি জানায়।
একদিন আগেই একই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয় তৃণমূল কংগ্রেস।
বৃহস্পবিতারের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বামদলগুলো। ভারতের অনেক শহরের ধর্মঘটের সমর্থকেরা স্কুল, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করে দিয়েছে।
টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদে দেখা যাচ্ছে, ভারতের উত্তরাঞ্চীয় পাটনা, এলাহাবাদ, বারানসিতে ধর্মঘট সমর্থকেরা বিক্ষোভ করছে।
পূর্বাঞ্চলীয় কলকাতায় অধিকাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
দক্ষিণাঞ্চলীয় রাজ্য বিজেপি শাসিত কর্নাটকে রাস্তায় বাস চলাচল, স্কুল, হোটেল ও অন্যান্য বাণিজ্যিক কার্যালয়গুলো বন্ধ রয়েছে। ভারতের আইটি সেক্টরের প্রধান শহর ব্যাঙ্গালোরে আইবিএম ও মাইক্রোসফস এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানসহ সব ধরনের আইটি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ভারতের দ্য কনফেডারেশ অব অল ইন্ডিয়া ট্রেডার্স জানিয়েছে, এই প্রতিবাদে ৫ কোটি মানুষ অংশ নেবে বলে তারা আশা করছে। দিল্লি ও অন্যান্য শহরেও তারা প্রতিবাদ-বিক্ষোভের পরিকল্পনা করেছে।
এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ছাড়ার ঘোষণা দিয়েছে শরিক দল তৃণমূল। ডিজেলের সাম্প্রতিক মূল্য বৃদ্ধি এবং খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ অনুমোদনকে কারণ হিসেবে দেখিয়েছে তারা।
তবে সরকার থেকে তৃণমূল সমর্থন প্রত্যাহার করে নিলেও ভারতের লোকসভায় প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর নেতৃত্বাধীন সরকারের পতন ঘটবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
লোকসভায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ১৯টি।
৫৪৫ আসনের লোকসভায় সোনিয়া গান্ধী নেতৃত্বাধীন ইউপিএ জোটের আসন সংখ্যা ২৭৩টি ছিল। তৃণমূল সরে যাওয়ায় ক্ষমতাসীনদের আসন সংখ্যা এখন ২৫৪টিতে নেমে এল।
তবে সরকার গঠনের জন্য ২৭৩ পার্লামেন্ট সদস্যদের সমর্থন নিশ্চিত করতে এখন আঞ্চলিক দলের ওপর নির্ভর করতে হবে কংগ্রেসকে।
লোকসভায় ২২ আসন থাকা মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি অথবা ২১ আসন থাকা মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) একটির সমর্থন পেলেও টিকে যাবে মনমোহনের সরকার।
গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং খুচরা বাজারে ওয়ালমার্ট ও টেসকোর মতো বিদেশি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমোদন এবং ডিজেলের মূল্য ১২ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন।
এসব সিদ্ধান্তের প্রতিবাদে ভারতজুড়ে ধর্মঘট পালন করছে বিরোধী দলসহ ট্রেড ইউনিয়নগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৬ ঘ.
bdnews24