২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসের সঙ্গ ছাড়ার ঘোষণা মমতার

মনমোহন সিংয়ের সরকারে থাকা তৃণমূল কংগ্রেসের ছয়জন মন্ত্রী শুক্রবার পদত্যাগ করবেন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, সময় এখন একলা লড়াইয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশ কিছু দিন ধরে হুমকি দিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভারতের ক্ষমতাসীন জোট ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। কংগ্রেস নেতৃত্বাধীন সরকারে থাকা তৃণমূল কংগ্রেসের ছয়জন মন্ত্রী আগামী শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। মঙ্গলবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের এক বৈঠকে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এক সময়ের বিজেপির জোটসঙ্গী মমতা দলীয় সিদ্ধান্তের পর সাংবাদিকদের বলেন, “এখন একলা লড়াইয়ের সময়।” বিজেপিকে দূরে সরিয়ে চার বছর আগে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মমতা। জাতীয় নির্বাচনে জয়ের পর বিধান সভা নির্বাচনে বামফ্রণ্টের ভরাডুবি ঘটিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় বসেন কংগ্রেসের এক সময়কার এই নেত্রী। গত এক বছর ধরেই বিভিন্ন বিষয়ে ইউপিএর সবচেয়ে বড় দল কংগ্রেসের সঙ্গে মনকষাকষি চলছিল জোটের দ্বিতীয় বৃহত্তম দল তৃণমূলের। তবে চরম সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ডিজেলের সাম্প্রতিক মূল্য বৃদ্ধি এবং খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ অনুমোদনকে কারণ হিসেবে দেখিয়েছে তৃণমূল। দলের এমপি ও শীর্ষ নেতাদের সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময়ের বৈঠক শেষে মমতা সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের সমর্থন প্রত্যাহার করছি। আমাদের মন্ত্রীরা দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন।” ইউপিএ সরকার তার দল তৃণমূল কংগ্রেসকে যথাযথ মূল্যায়ন করে না বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব ধরে না রাখতে পারে, তাহলে তারা কারো সঙ্গে তা পারবে না।” লোকসভায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ১৯টি। তবে তাদের সমর্থন প্রত্যাহার হলেও মনমোহন সিংয়ের সরকারের পতন ঘটবে না বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ৫৪৫ আসনের লোকসভায় সোনিয়া গান্ধী নেতৃত্বাধীন ইউপিএ জোটের আসন সংখ্যা ২৭৩টি ছিল। তৃণমূল সরে যাওয়ায় ক্ষমতাসীনদের আসন সংখ্যা এখন ২৫৪টিতে নেমে এল। তবে সরকার গঠনের জন্য ২৭৩ পার্লামেন্ট সদস্যদের সমর্থন নিশ্চিত করতে এখন আঞ্চলিক দলের ওপর নির্ভর করতে হবে কংগ্রেসকে। লোকসভায় ২২ আসন থাকা মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি অথবা ২১ আসন থাকা মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) একটির সমর্থন পেলেও টিকে যাবে মনমোহনের সরকার। গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং খুচরা বাজারে ওয়ালমার্ট ও টেসকোর মতো বিদেশি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমোদন এবং ডিজেলের মূল্য ১২ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া গৃহকর্মের জন্য প্রতি পরিবারকে বরাদ্দ দেয়া গ্যাস সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েও বিফল হন মমতা। সরকারের এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা পরিবর্তনের জন্য সময়ও বেধে দেন মমতা। কিন্তু তাতে সাড়া না পেয়ে এ সিদ্ধান্ত নিল তার দল। তবে মমতা চূড়ান্ত ঘোষণা দেয়ার পাশাপাশি এটাও বলেছেন, সরকার যদি জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে তাহলে তার দলও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী তৃণমূলকে ‘মূল্যবান মিত্র’ অভিহিত করে সাংবাদিকদের বলেছেন, “মমতার উত্থাপিত বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২২৩৫ ঘ.