ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালির কিসমায়ো শহরের অধিবাসীরা জানিয়েছেন, ইসলামি জঙ্গি সংগঠন আল- শাবাব এই বন্দর নগরীতে তাদের শক্ত ঘাঁটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।
সোমালি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে কিসমায়ো আল- শাবাব গোষ্ঠীর শক্ত ঘাঁটি ছিল বলে বিবিসি জানায়।
স্থানীয় অধিবাসীরা জানায়, জঙ্গিরা বাস ও ট্রাকে করে তাদের ভারী অস্ত্র-শস্ত্র সহ চলে যাচ্ছে।
তবে এই খবর অস্বীকার করেছে জঙ্গি সংগঠনটি। তারা আফ্রিকান ইউনিয়নের বাহিনীর বিরুদ্ধে লড়াই বন্ধ রেখেছে বলে জানিয়েছে।
আল কায়েদা সংশ্লিষ্ট এই গোষ্ঠীটির মুখপাত্র মুহাম্মাদ উসমান আরুস বিবিসিকে বলেন, আল-শাবাব ইতোমধ্যে প্রায় ১শ’ কেনিয়ান ও সোমালি সেনাকে হত্যা করেছে এবং কিসমায়ো থেকে তাদের হঠিয়ে দিয়েছে।
তিনি বলেন, “আমরা কিসমায়োতেই রয়েছি। আর যা বলা হচ্ছে তা আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই নয়। কেনিয়া ও সোমালি বাহিনী ইতোমধ্যে ছত্রখান হয়ে পিছু হটেছে।”
স্থানীয়রা জানিয়েছেন, বন্দর শহরটি এখন শান্ত। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে তারা অন্তরালে চলে গেছে। কেউ তাদের গোষ্ঠীর (আল-শাবাব) বিরুদ্ধে মনে করলে তাকে হত্যা করতে তরুণদের ওপর নির্দেশ আছে।
কয়েক মাস ধরে আফ্রিকান ইউনিয়ন বাহিনী কিসমায়ো শহরের দিকে একটু একটু করে এগোচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, শক্ত ঘাঁটি কিসমায়ো হারানো আল-শাবাব গোষ্ঠীর জন্য একটি বড় ধরনের আঘাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৫ ঘ.
bdnews24