বেইজিং, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বীপ নিয়ে বিরোধে চীনে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে দেশটিতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কারখানা বন্ধ করেছে জাপান।
জাপান-বিরোধী বিক্ষোভকারীরা প্যানাসনিক ইলেকট্রনিক্স করপোরেশনের দুটি কারখানায় হামলা চালানোর পর জাপান সোমবার এ প্রতিষ্ঠানের একটি কারখানা বন্ধ করে দিয়েছে।
কিংদাও এলাকার কারখানা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে প্যানাসনিক।
কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে জাপানের আরেকটি করপোরেশন ক্যাননও চীনের তিনটি কারখানায় তাদের কার্যক্রম সোম ও মঙ্গলবার দু’দিনের জন্য স্থগিত করেছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।
চীনে ছড়িয়ে পড়া বিক্ষোভে হামলার শিকার হচ্ছে জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। গাড়ি তৈরি প্রতিষ্ঠান টয়োটাসহ জাপানের অন্যান্য ব্যবসাও বিক্ষোভের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত শুক্রবার পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে চীনের ছয়টি টহল জাহাজ পাঠানো নিয়ে জাপানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে।
জাপান এ ঘটনাকে নজিরবিহীন বলে মন্তব্য করলেও পিছু হটছে না চীন।
দ্বীপ নিয়ে এ বিরোধকে কেন্দ্র করে চীনে ছড়িয়ে পড়েছে জাপান-বিরোধী বিক্ষোভ সহিংসতা। জাপানের বিরুদ্ধে রোববার দ্বিতীয় দিনের মতো চীনা নগরীর রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা।
জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অবিলম্বে এ বিক্ষোভ সহিংসতা বন্ধে রোববার চীনকে আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা।
সোমবার জাপান সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টার সঙ্গে বৈঠকেও নোদা চীনকে জাপানি নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।
ওদিকে, পানেট্টা চীন-জাপানের এ বিরোধে দু’পক্ষকেই শান্ত এবং সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এ বিরোধে কারো পক্ষে নেই।
তিনি বলেন, “সবার স্বার্থেই চীন এবং জাপানকে ভাল সম্পর্ক বজায় রাখতে হবে এবং বিরোধ এড়ানোর উপায় খুঁজে বের করতে হবে।”
গত শনিবার চীনেজুড়ে জাপানবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। রোববার ২য় দিনের মতো বেইজিং এর জাপানি দূতাবাসের কাছে বক্ষোভে শ’শ’ বিক্ষোভকারীর সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে।
জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিক্ষোভকারীদের হামলার শিকার হচ্ছে। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন।
পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বপটিকে চীন ডাকে ‘দিয়াওউ’ আর জাপান ডাকে ‘সেনকাকু’ নামে।
গত মঙ্গলবার জাপান ওই দ্বীপ কেনার সিদ্ধান্ত জানালে ক্ষুব্ধ চীন একে উস্কানিমূলক এবং তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করে।
এরপরপরই ওই দ্বীপপুঞ্জের কাছে জলসীমায় টহল জাহাজ পাঠায় চীন। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে’ এসব দ্বীপের কাছাকাছি অঞ্চলে পৌঁছেছে টহল জাহাজগুলো।
পূর্ব চীন সাগরের জনবসতিবিহীন কিন্তু খনিজে সমৃদ্ধ ওই দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে চীন, জাপান এমনকি তাইওয়ানও।
ওকিনাওয়ার দক্ষিণে ও তাইওয়ানের উত্তরে অবস্থিত এ দ্বীপগুলো সমুদ্রপথে গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে পড়েছে। এছাড়া এগুলোর কাছাকাছি অঞ্চলে সমুদ্রতলে একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আছে বলে মনে করা হয়।
চীনা গণমাধ্যম জানিয়েছে, টহল জাহাজগুলোর মাধ্যমে নৌ বাহিনীর অধিকার প্রতিষ্ঠা এবং নজরদারি চলছে। অন্যদিকে, জাপান বলছে, চীন তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে।
চীনা রাষ্ট্রদূতের কাছে এ ব্যাপারে ইতোমধ্যেই আনুষ্ঠানিভাবে প্রতিবাদ জানিয়েছে জাপান।
ওদিকে, জাপান দ্বীপটিকে নিজের সম্পত্তি মনে করছে অভিযোগ করে বেইজিংয়ে বিক্ষোভ করে যাচ্ছে ক্ষুব্ধ চীনারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৫ ঘ.
bdnews24