ঢাকা, সেপ্টেম্বর, ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি দু’দশকের মধ্যে রোববার প্রথম যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন।
১৮ দিনের এ সফরে সু চি কে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘কংগ্রেসনাল মেডেল অব অনার’সহ অন্যান্য পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে বিবিসি।
সফরকালে সু চি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও বিভিন্ন বার্মিজ দলের সঙ্গে বৈঠক করবেন।
মিয়ানমারে বহুবছর গৃহবন্দিত্বে কাটানোর পর গত এপ্রিলে দেশটির পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন সু চি।
মিয়ানমারের নতুন আধা-বেসামরিক সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই নানা রাজনৈতিক ও সামাজিক সংস্কার পদক্ষেপ নিচ্ছে।
রাজবন্দিদের মুক্তি দেয়াসহ গণমাধ্যম আইন এবং বিক্ষোভের ওপর বাধা-নিষেধও শিথিল করেছে এ সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৪৪ঘ.
bdnews24