সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউটিউবে আপলোড করা যে চলচ্চিত্রের অংশবিশেষের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে প্রবল যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে তা প্রত্যাহারে হোয়াইট হাউজের জানানো অনুরোধ প্রত্যাখান করেছে গুগল ইনকর্পোরেট।
শুক্রবার ওই অনুরোধ জানিয়েছিল হোয়াইট হাউজ।
ইউটিউব কর্তৃপক্ষ গুগল ইনকর্পোরেটকে হোয়াইট হাউজ থেকে জানানো অনুরোধে বিতর্কিত চলচ্চিত্রটি ইউটিউবের অনলাইনে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছিল।
উত্তরে গুগল জানিয়েছে, বুধবার ওই চলচ্চিত্রটির ইউটিউবে প্রদর্শিত অংশ মিশর ও লিবিয়ায় দেখানো বন্ধ করেছে তারা। এরপর ভারত ও ইন্দোনেশিয়ায় জন্য ওই অংশটি সেন্সর করা হয়েছে।
ওই চলচ্চিত্রের জের ধরে মঙ্গলবার লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলে বিক্ষুব্ধ লোকজন হামলা চালায়। এতে রাষ্ট্রদূতসহ পাঁচ মার্কিনি নিহত হয়।
গুগল জানিয়েছে, স্থানীয় আইনানুযায়ী চলচ্চিত্রাংশটির ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে তারা তবে রাজনৈতিক চাপে নতি স্বীকার করা হবে না।
গুগল বলেছে, “লিবিয়া, মিশর, ভারত ও ইন্দোনেশিয়ার মতো যে সব দেশের আইনানুযায়ী এটি নিষিদ্ধ সেসব দেশের জন্য আমরা চলচ্চিত্রাংশটি প্রদর্শনে বিধিনিষেধ আরোপ করে দিয়েছি। লিবিয়া ও মিশরে চলচ্চিত্রটির কারণে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পদক্ষেপ ২০০৭ সালে আমরা ইউটিউব শুরু করার সময় থেকে যে নীতি অনুসরণ করে আসছি তার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ।”
প্রদর্শিত চলচ্চিত্রাংশটি ইউটিউবের নীতিমালা ভেঙেছে কিনা তা আবার বিবেচনা করতে শুক্রবার সকালে হোয়াইট হাউজ থেকে গুগলকে অনুরোধ জানানো হয়।
এর আগে বুধবার গুগল জানিয়েছিল, চলচ্চিত্রাংশটি ইউটিউবের নীতিমালা মেনেই আপলোড করা হয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, চলচ্চিত্রটির প্রযোজক নাকৌলা ব্যাসেলি নাকৌলা (৫৫) কারগার থেকে যে শর্তে মুক্তি পেয়েছেন তা লঙ্ঘণ করেছে কিনা তা তদন্ত করে দেখছে তারা।
২০১০ সালে ব্যাংক জালিয়াতির দায়ে দণ্ডিত হয়েছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী নাকৌলা। গত জুনে কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। তিনি মিশরীয় বংশোদ্ভূত কপটিক খ্রিস্টান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৫১ ঘ.
bdnews24