২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিপে এগুলেও মধ্যপ্রাচ্য নিয়ে বিপাকে ওবামা

যুক্তরাষ্ট্রে নির্বাচনী জরিপে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা এগিয়ে থাকলেও মধ্যপ্রাচ্যজুড়ে বিক্ষোভের ঘটনায় বিপাকে পড়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে নির্বাচনী জরিপে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা এগিয়ে থাকলেও মধ্যপ্রাচ্যজুড়ে বিক্ষোভের ঘটনায় বিপাকে পড়েছেন তিনি। ‘ইসলাম অবমাননা’র অভিযোগে মধ্যপ্রাচ্যজুড়ে বিক্ষোভ এবং মার্কিন দূতাবাসে হামলার ঘটনা প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওবামার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। চলমান অস্থিতিশীলতার কারণে ওবামা প্রশাসনের বৈদেশিক নীতির সমালোচনা করে যাচ্ছে রিপাবলিকানরা যা ওবামার সাফল্যে ভাটার কারণ হতে পারে। সর্বশেষ বৃহস্পতিবারের জরিপের ফল অনুযায়ী, বারাক ওবামার ৪৮ শতাংশ এবং মিট রমনির ৪১ শতাংশ সমর্থক রয়েছেন। এছাড়া ‘রিয়্যাল ক্লিয়ার পলিটিকস’ নামক একটি অনলাইন জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওবামা ৩ দশমিক ৩ পয়েন্ট এগিয়ে রয়েছেন। আর জরিপ সংস্থা গ্যালপ পরিচালিত তথ্য অনুযায়ী, ওবামা এগিয়ে রয়েছেন ৬ পয়েন্টে। কিন্তু জরিপে ওবামা ভালো অবস্থানে থাকলেও মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে তার বিরুদ্ধে সমালোচনামুখর হয়ে উঠেছে রিপাবলিকানরা। মিশর ও লিবিয়ায় ইসলামপন্থীদের উত্থান ঠেকাতে না পারার জন্য ওবামার সমালোচনা করছে তারা। ওদিকে, এ সপ্তাহে মার্কিন দূতাবাসে হামলায় দেশটির রাষ্ট্রদূত নিহত হওয়ার বিষয়টিও যোগ হয়েছে রিপাবলিকানদের ওবামা বিরোধী নির্বাচনী প্রচারাভিযানে। তবে ডোমোক্র্যাটদের জাতীয় সম্মেলনে উদ্বুদ্ধ হয়ে, নাকি রমনির অর্থসম্পদের বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হয়ে জনগণ এখনো ওবামাকেই বেশি সমর্থন জানাচ্ছে তা স্পষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৬ঘ.