২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদান ও তিউনিশিয়ার পশ্চিমা দূতাবাসে হামলা

‘ইসলাম অবমাননা’র অভিযোগে সুদান ও তিউনিশিয়ায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের দূতাবাসগুলোতে হামলা করেছে বিক্ষোভকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ইসলাম অবমাননা’র অভিযোগে সুদান ও তিউনিশিয়ায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের দূতাবাসগুলোতে হামলা করেছে বিক্ষোভকারীরা। সুদানের রাজধানী খার্তুমে বিক্ষোভকারীরা শুক্রবার যুক্তরাষ্ট্রের দূতাবাসে ঢুকে পড়ে। একইসঙ্গে জার্মানি এবং ব্রিটিশ দূতাবাসেও চড়াও হয় তারা। তিউনিশিয়াও যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা করেছে। দূতাবাসভবন থেকে উড়তে দেখা গেছে ঘন কালো ধোঁয়া। হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি বলেছেন, তারা মুসলিম বিশ্বের ঘটনাপ্রবাহ মনিটর করছেন। “প্রেসিডেন্ট ওবামা ঘটনাপ্রবাহের ওপর নজর রাখছেন, এই সহিংসতা যৌক্তিক নয়। এ অঞ্চলের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনায় প্রেসিডেন্ট এ বিষয়টি নিশ্চিত করেছেন যে, তাদের দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তার প্রতি যেন শ্রদ্ধা প্রদর্শন করা হয়।” সুদানে বিক্ষোভকারীরা দূতাবাসে ভাংচুর করে এবং জার্মানির পতাকা ছিঁড়ে ফেলে। প্রায় ৫ হাজার বিক্ষোভকারীকে টিয়াগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ কররার চেষ্টা চালায় পুলিশ। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা দূতাবাসে হামলে পড়ে। দূতাবাস ভবনের জানালা, ক্যামেরা, আসবাবপত্র ভাংচুর করাসহ অগ্নিসংযোগও করে তারা। তবে জার্মানির দূতাবাসের কর্মীরা এ মুহূর্তে নিরাপদেই আছে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে। বার্লিনে নিযুক্ত খার্তুমের দূতকে তিনি বলেন, সুদানকে জার্মান দূতাবাসের নিরাপত্তা রক্ষা করতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মার্কিন দূতাবাসে হামলা ঠেকাতে সুদানের পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। ব্রিটিশ দূতাবাসেও তৎপর রয়েছে পুলিশ। দূতাবাসের বাইরে বিক্ষোভ চলছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র। তবে বিক্ষোভকারীরা দূতাবাসে ঢুকেছে কি না বা তারা ইসলাম বিরোধী ছবি নিয়ে বিক্ষোভ করছিল কিনা সে ব্যাপারে মুখপাত্র কিছু জানাতে পারেননি। ওদিকে, লেবাননে একটি ফাস্ট ফুডের রেস্তোরায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগে একজন নিহত হয়েছে। কায়রোর বিক্ষোভে আহত হয়েছে ৫ জন। যুক্তরাষ্ট্রে তৈরি ‘ইসলাম অবমাননা’র ছবি নিয়ে মিশরে শুক্রবারও বিক্ষোভ-সংঘর্ষ হয়। মুসলিম ব্রাদারহুডের ডাকে মিশরীয়রা দেশব্যাপী বিক্ষোভে নামার আগে কায়রোয় মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। তারা পুলিশের দিকে পাথর ছুড়ে মারলে পুলিশ পাল্টা তাদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে। দূতাবাসের যাওয়ার রাস্তার মাঝখানে গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। মুসলিম ব্রাদারহুড শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ডাকে। মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এ দলের প্রার্থী হিসাবেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সব মিশরীয়র নেতা হওয়ার ইচ্ছা প্রকাশ করে দলীয় সদস্যের পদ ছেড়ে দেন। ইসলাম অবমাননার অভিযোগে বিক্ষোভ ছড়িয়ে পড়ার এ সঙ্কটময় মুহূর্তে মুরসি এখন একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখারই চেষ্টা করছেন। দূতাবাসগুলোর নিরাপত্তা রক্ষার চেষ্টা নেওয়ার পাশাপাশি ইসলাম অবমাননার সমালোচনাও করছেন তিনি। মিশর ইসলাম বিরোধী ছবিটির জন্য যুক্তরাষ্ট্র সরকারকে দোষারোপ না করলেও এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটনকে। ক্যালিফোর্নিয়ায় নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ ছবিটির বিরুদ্ধে মিশরে গত মঙ্গলবার রাত থেকে সহিংসতা চলছে। রাজধানী কায়রোয় বিক্ষোভে নেমেছে প্রায় ৩শ’ মানুষ। মঙ্গলবারে কায়রোর মার্কিন দূতাবাসে হামলার পর বুধবার থেকে চলমান সহিংসতায় ২২৪ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে। একইধরনের বিক্ষোভ সহিংসতা চলছে ইয়েমেনে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ। বৃহস্পতিবার ইয়েমেনের মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। মালয়েশিয়া, ইরাক, সুদানসহ আরো বহু দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪০ঘ.