ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলগ্রহের মাটিতে দাঁড়িয়ে নিজের ছবি তুলে পাঠিয়েছে ওই গ্রহে নাসা’র অনুসন্ধানকারী রোবট ‘কিওরিসিটি’।
নিজের যান্ত্রিক বাহুতে স্থাপিত ক্যামেরা ব্যবহার করে ছবিটি তোলে কিওরিসিটি। তবে প্রচুর ধূলোর কারণে ব্যবহৃত আবরণ না খুলেই ছবি তোলায় সেটি বেশ ঘোলা বলে জানিয়েছে বিবিসি।
এ যান্ত্রিক বাহুটি ব্যবহার শুরু করার জন্য প্রস্তুত হচ্ছে ‘মার্স সায়েন্স ল্যাবরেটরি’ নামে পরিচিত রোবট কিওরিসিটি। ফলে ঘোলা ছবিতে এর বাহুর বিভিন্ন যন্ত্রাংশ খুঁজে পেতে স্থানাংক ও অন্যান্য ক্যামেরার সাহায্য নিচ্ছেন প্রকৌশলীরা।
এর যন্ত্রাংশ ও লেন্স যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতেই ক্যামেরার লেন্সে ব্যবহৃত আবরণ খোলা হয়নি।
ইতোমধ্যে অবতরণ স্থল ‘গেল ক্রাটার’ গহ্বর থেকে ১শ’ মিটারের বেশি পথ পাড়ি দিয়েছে কিওরিসিটি। এক মাস আগে এখানে অবতরণ করে যানটি।
বর্তমানে অবতরণস্থল থেকে ৩০০ মিটার দূরে গন্তব্য ‘গ্লেনেল্গ’ নামের একটি পাথুরে জমির দিকে যাত্রা করছে কিওরিসিটি। তিনটি ভিন্ন ধরনের পাথরের সমন্বয়ে গঠিত ওই জমির ভূমিরূপ। গেল ক্রাটারের ভূমি বৈশিষ্ট্য নির্ধারণী পরীক্ষায় ওইটি উপযুক্ত স্থান বলে মনে করছেন বিজ্ঞানীরা।
গ্লেনেল্গ এলাকায় পৌঁছাতে কিওরিসিটির আরো কয়েক সপ্তাহ লেগে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৩৩ ঘ.
bdnews24