২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী শাহগুর

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী মুস্তাফা আবু শাহগুরকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে জাতীয় পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 03:25 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী মুস্তাফা আবু শাহগুরকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে জাতীয় পরিষদ। জাতীয় পরিষদে দ্বিতীয় দফা ভোটাভুটিতে অল্প ব্যবধানে তিনি মাহমুদ জিব্রিলকে পরাজিত করেন। জিব্রিল লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলন চলাকালে গঠিত অন্তবর্তীকালীন জাতীয় পরিষদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরোধিতাকারী হিসেবে অপটিক্যাল প্রকৌশলী শাহগুরের দীর্ঘ ইতিহাস রয়েছে। নির্বাচিত হওয়ার পর শাহগুর দীর্ঘ ১৮ মাস ধরে চলা দেশটির অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিরাপত্তাকেই প্রাধান্য দেবেন বলে অঙ্গীকার করেছেন। জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রথম দফা ভোটাভুটিতে মাহমুদ জিব্রিল জয়ী হলেও দ্বিতীয় দফায় মাত্র দুই ভোটের ব্যবধানে শাহগুর এগিয়ে যান। লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলায় রাষ্ট্রদূতসহ চার মার্কিনির নিহত হওয়ার দিনই ভোটাভুটি হয়। ত্রিপোলি বিশ্ববিদ্যালয়ে পড়ার পর শাহগুর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং একজন অপটিক্যাল প্রকৌশলী হিসেবে সেখানে অধ্যাপনা করেন। ২০১১ সালে তিনি লিবিয়ায় ফিরে অর্ন্তর্বতীকালীন জাতীয় পরিষদের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন। এই অর্ন্তর্বতীকালীন জাতীয় পরিষদের নেতৃত্বেই গাদ্দাফি জমানার অবসান হয়। গত নভেম্বরে তিনি অর্ন্তর্বতীকালীন পরিষদে প্রধানমন্ত্রী আবদুররহিম আল-কিবের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। চলতি বছরের জুলাইয়ে লিবিয়ায় গাদ্দাফি জমানার পর অনুষ্ঠিত প্রথম অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে ২শ’ আসনের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯২১ ঘ.