ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুর্নীতিবিরোধী কার্টুনিস্ট অসীম ত্রিবেদী জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে বের হওয়ার সময় তিনি গেটের বাইরে অপেক্ষমান জনতার উদ্দেশে বিজয়সূচক চিহ্ন দেখান। উপস্থিত জনতা এ সময় পতাকা উড়িয়ে শ্লোগান দিয়ে তাকে অভিবাদন জানায়।
মুক্তির পর ত্রিবেদী বলেন, সরকারের উস্কানিমূলক আইন এবং নিপীড়নমূলক আচরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি।
ত্রিবেদীর কার্টুন দেশবিরোধী- মুম্বাইয়ের এক আইনজীবীর দায়ের করা এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ভারতের সংবিধান ও জাতীয় পতাকা অবমাননা করে ব্যঙ্গচিত্র আঁকার অভিযোগে গত রোববার ত্রিবেদীকে মুম্বাইয়ে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিন্দা-সমালোচনা ঝড় বয়ে যায় ভারতজুড়ে। বিতর্ক সৃষ্টি হয় বাকস্বাধীনতা নিয়ে।
এ তোলপাড়ের মুখে মঙ্গলবার মুম্বাই উচ্চ আদালত জানায়, ৫ হাজার রূপী দিলে তাকে জামিনে মুক্তি দেয়া যেতে পারে।
কিন্তু অভিযোগ তুলে নেয়া না হলে জামিনের অর্থ দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছিলেন ত্রিবেদী। পরে তিনি এতে রাজি হন।
গত সোমবার ত্রিবেদীকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রিমাণ্ডে নেয়ার আদেশ দিয়েছিল আদালত। পরে জনসাধারণের মধ্য থেকে একজনের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার তার জামিন মঞ্জুর করা হয়।
ত্রিবেদী গ্রেপ্তারের ঘটনাকে বাকস্বাধীনতার ওপর আঘাত বলে মনে করে বেশির ভাগ ভারতীয়। দুর্নীতিবিরোধী এ কার্টুনিস্ট ভারতে আন্না হাজারের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলনেও অংশ নিচ্ছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনকর্মীরা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, অসীম ত্রিবেদীর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ তুলে নেয়া না হলে তারা প্রতিবাদ-বিক্ষোভে নামবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১২ঘ.
bdnews24