২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোভিয়েত হত্যাকাণ্ড ‘গোপন করেছিল’ যুক্তরাষ্ট্র

১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কাটিন হত্যাকাণ্ডের দায় ধামাচাপা দিতে সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র। নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ধারণাটিই সত্য বলে দাবি করেছেন ঐতিহাসিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কাটিন হত্যাকাণ্ডের দায় ধামাচাপা দিতে সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র। নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ধারণাটিই সত্য বলে দাবি করেছেন ঐতিহাসিকরা। ১৯৪০ সালে পোল্যান্ডের সীমান্তবর্তী রাশিয়ার কাটিন বনে সোভিয়েত ইউনিয়নের গোপন পুলিশ বাহিনী পোল্যান্ডের পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা প্রতিনিধি, শিল্প-কারখানার মালিক, আইনজীবী, কর্মকর্তা ও ধর্মযাজকসহ ২২ হাজার মানুষকে হত্যা করে। সোভিয়েত ইউনিয়ন পাঁচ দশক ধরে এ হত্যাযজ্ঞের দায় নাৎসী বাহিনীর ওপর চাপালেও ১৯৯০ সালে তাদের দোষ স্বীকার করে। ঐতিহাসিকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রুজভেল্ট প্রশাসন যুদ্ধকালীন মিত্র জোসেফ স্ট্যালিনকে চটাতে চায়নি। তাই ওয়াশিংটন ওই তথ্য গোপন করেছিল বলে যে সন্দেহ করা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগ্রহশালার প্রকাশিত নথিগুলো থেকে তার প্রমাণ পাওয়া গেছে। এতে দেখা গেছে, জার্মানির হাতে আটক দুই মার্কিন যুদ্ধবন্দি ১৯৪৩ সালে ওই এলাকা পরিদর্শনের পর সাংকেতিক ভাষায় ওয়াশিংটনকে জানিয়েছিল এ হত্যাযজ্ঞ নাৎসী বাহিনী নয়, পরিচালিত হয়েছে স্ট্যালিনের নির্দেশে। কিন্তু বিশ্বযুদ্ধকালে জার্মানি ও জাপানকে পরাস্ত করার জন্য সোভিয়েতদেরকে হাতে রাখতে ওই তথ্য গোপন করে তাদেরকে মিথ্যা তথ্য প্রচারের সুযোগ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, জার্মানি ১৯৪১ সালে সোভিয়েতদের কাছ থেকে কাটিন বন দখল করে। পরে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবন্দিদেরকে ওই হত্যাযজ্ঞের স্থানটি দেখাতে নিয়ে যায় তারা। ঘটনাস্থলে মৃতদেহগুলো দেখার পর মার্কিন যুদ্ধবন্দিরা জানান, সোভিয়েতদের হত্যাযজ্ঞ চালানোর যে দাবি নাৎসী বাহিনী করেছে তা তারা বিশ্বাস করেছেন। কারণ, পচেগলে যাওয়া মৃতদেহগুলো দেখে তাদের মনে হয়েছে জার্মানি কাটিন বন দখলের আগেই সোভিয়েতরা ওই হত্যাযজ্ঞ চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২২ঘ.