ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ধরনের পর্যবেক্ষণ ছাড়াই ১৯৮৮ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ ভারতে নিষিদ্ধ করা হয় বলে অভিযোগ করেছেন এর লেখক সালমান রুশদি।
‘জোসেফ অ্যান্টন’ শিরোনামে নিজের স্মৃতিকথাভিত্তিক গ্রন্থে এ কথা বলেন রুশদি। মঙ্গলবার দ্য নিউ ইয়র্কার পত্রিকায় এ গ্রন্থের অংশবিশেষ প্রকাশ করা হয় বলে বিবিসি জানিয়েছে।
অধিকাংশ মুসলিম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটিকে ‘ধর্মাবমাননা’ করেছে বলে অ্যাখ্যা দিয়েছে। ভারতে ১৯৮৮ সালে এ বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
স্মৃতিকথায় রুশদি লিখেছেন, ১৯৮৮ সালের ৬ অক্টোবর লন্ডনে ভারতের তৎকালীন হাই কমিশনার সালমান হায়দার টেলিফোনে সরকারের পক্ষ থেকে ভারতে স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করার কথা জানায় আমাকে।
এ বইটির জন্য ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করলে বহুবছর আত্মগোপন করে ছিলেন ১৯৮১ সালে ‘মিডনাইট’স চিলড্রেন’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার বিজয়ী এ লেখক। এসময় ‘জোসেফ অ্যান্টন’ ছদ্মনামে লিখতেন তিনি।
রুশদি বলেন, বইটি কোনো উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষা করা হয়নি। এমনকি কোনো আইনি প্রক্রিয়া বা এর সমতুল্য কোনো প্রক্রিয়ার মাধ্যমেও তা করা হয়নি।
তিনি জানান, অসঙ্গতভাবে বইটির নিষিদ্ধ ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী, এর ফলে ভারতে বইটির আমদানি বন্ধ হয়ে যায়।
রুশদি আরো লিখেছেন, এ নিষিদ্ধকরণ আদেশে অদ্ভুতভাবে উল্লেখ করা হয়, ‘এতে এই সৃষ্টির সাহিত্যিক ও শৈল্পিক মূল্যের হরণ হবে না’, তাদের এজন্য ধন্যবাদ।
গত জানুয়ারিতে ‘জীবনের ঝুঁকি রয়েছে’ জানিয়ে ভারতের জয়পুরে সাহিত্য উৎসবে যোগ দিতে নিরুৎসাহিত করা হয় রুশদিকে। এ উৎসবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানের কথা থাকলেও বিক্ষোভের মুখে সেই পরিকল্পনাও বাতিল করা হয়।
ব্রিটেনের রাণীর কাছ থেকে ‘স্যার’ উপাধিপ্রাপ্ত এ সাহিত্যিকের জন্ম ভারতে হলেও তিনি মূলত ব্রিটিশ নাগরিক। জীবনের বেশিরভাগ সময় ইংল্যান্ডেই কাটিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪০ ঘ.
bdnews24