এডেন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে আল কায়েদা শাখা একিউএপি’র ২য় শীর্ষ নেতা সাঈদ আল-শেহরি সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছে সেদেশের সরকার।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশের পূর্বাঞ্চলে হাদ্রামাউ প্রদেশে সোমবার সামরিক বাহিনীর অভিযানে শেহরি নিহত হয়েছেন। তার সঙ্গে নিহত হয়েছে আরো ৬ জঙ্গি।
এ ব্যাপারে ওয়েবসাইটে বিস্তারিত আর কিছু বলা হয়নি। তবে শেহরির মৃত্যুর বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, শেহরি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন।
আবার অন্য কয়েকটি প্রতিবেদনে শেহরি যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন বলে ধরাণা প্রকাশ করা হয়েছে।
হাদ্রামাউয়ে ড্রোন হামলায় শেহরি গত বুধবার নিহত হয়েছেন এমন খবরও পাওয়া গেছে ইয়েমেনের এক নিরাপত্তাসূত্রে।
‘আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা’ (একিউএপি)’র দ্বিতীয় এ শীর্ষ নেতা ছিলেন সৌদি নাগরিক। ২০০৭ সালে তাকে কিউবার গুয়ানতানামো বে বন্দিশিবির থেকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্র।
ইয়েমেনের দক্ষিণাঞ্চল আল কায়েদা জঙ্গি মুক্ত করতে সেখানে কয়েকমাস ধরে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
ইয়েমেনের সরকারি কয়েকটি সূত্র বিবিসি কে জানায়, হাদ্রামাউয়ে ওয়াদি আল-আইন এলাকায় বিমান হামলায় নিহত হয়েছেন শেহরি।
তবে সামরিক বাহিনীর কোনো সূত্রে শেহরির মৃত্যুর ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি এবং খবরটি নিশ্চিতও করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫০ঘ.
bdnews24