ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিতার ক্ষিপ্রগতির রহস্য উদঘাটন করেছেন জাপানের বিজ্ঞানীরা। পেশিতন্তুর বিশেষ বিন্যাসই চিতার দ্রুতগতির কারণ বলে বিজ্ঞানীদের অভিমত।
কোনো কোনো বিজ্ঞানী ধাবমান চিতাকে ‘পেছনের চাকার ওপর ভর করে চলমান গাড়ির’ সঙ্গে তুলনা করেছেন।
স্তন্যপায়ী প্রাণী বিষয়ক ‘ম্যামালিয়ান বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণার ফল নিয়ে এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি।
চিতা বন্যপ্রাণীদের মধ্যে অল্প সময়ে দ্রুতগতিতে চলতে সক্ষম। বিড়াল জাতীয় এ পশুর পেশিতন্তু নিয়ে গবেষণা করে জাপানী বিজ্ঞানীরা এর গতির কারণ বের করার চেষ্টা করেছেন।
গৃহপালিত বিড়াল ও কুকুরের পেশির সঙ্গে চিতার পেশির তুলনা করে বিজ্ঞানীরা চিতার পেছনের পায়ে বিশেষ গতিবর্ধক ক্ষমতাসম্পন্ন পেশি খুঁজে পেয়েছেন।
চিতার পুরো দেহের পেশিতন্তুগুর বিন্যাস নিয়ে এমন গবেষণা এটিই প্রথম। এর মাধ্যমে চিতার অবিশ্বাস্য গতির কারণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিড়াল ও কুকুরের গতির তুলনামূলক পার্থক্যও এ গবেষণায় বেরিয়ে এসেছে।
জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের পদ্ধতিগত শরীরতত্ত্বের অধ্যাপক ও গবেষক ডঃ নাওমি ওয়াদা বলেন, “চিতার সামনের পায়ের পেশিগুলো বিড়াল ও কুকুরের পায়ের পেশির মতোই। এগুলো হাটাহাটি করা ও হাল্কা ছুটছুটির জন্য উপযুক্ত। কিন্তু চিতার পেছনের পায়ের পেশিগুলো ক্ষিপ্রগতিতে চলার জন্য বেশি উপযুক্ত।”
“চিতার সামনের পায়ের পেশি ও পেছনের পায়ের পেশির তফাত অবাক করার মতোই,” বলেন ওয়াদা।
দৌড়ানোর সময় চিতার শক্তি আসে পেছনের পায়ের পেশি থেকে, এটি অনেকটা পেছনের চাকার ওপর নির্ভর করে চলা গাড়ির মতো বলেই মনে করেন ডঃ ওয়াদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৩৯ঘ.
bdnews24