২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসমর্থনে শীর্ষস্থান ধরে রেখেছেন ওবামা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনসমর্থনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির সঙ্গে ব্যবধান ধরে রেখেছেন ডেমক্রেটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনসমর্থনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির সঙ্গে ব্যবধান ধরে রেখেছেন ডেমক্রেটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর থেকে জনসমর্থনে এগিয়ে আছেন তিনি। জরিপ সংস্থা ইপসোস ও বার্তা সংস্থা রয়টার্সের এক যৌথ ধারাবাহিক জরিপে রোববারের ফলাফলে বিষয়টি প্রকাশ পায়। অনলাইন জরিপে ১ হাজার ৪শ’ ১৯ জন সম্ভাব্য ভোটারের মধ্যে ৪৭ শতাংশ ওবামার প্রতি সমর্থন জানিয়েছেন আর রমনির প্রতি ৪৩ শতাংশ। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবারও রমনি থেকে একই ব্যবধানে এগিয়ে ছিলেন ওবামা। বৃহস্পতিবার ডেমক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে বারাক ওবামার নাম ঘোষণা করেন সাবেক ডেমক্রেটিক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তারপর থেকেই জনসমর্থনে রমনিকে ছাড়িয়ে যেতে থাকেন ওবামা। এর আগে এক পর্যায়ে দ্ইু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জনসমর্থন এক কাতারে এসে দাঁড়িয়েছিল। ডেমক্রেটিক পার্টির সম্মেলনের আগের সপ্তাহে রিপালিকান পার্টির জাতীয় সম্মেলন থেকে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মিট রমনি’র নাম ঘোষণা করা হয়। এর পরপরই জনসমর্থন জরিপে এগিয়ে যান তিনি। তবে তার এ অবস্থান মাত্র কয়েকদিন টিকে ছিল। যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী দলীয় প্রার্থীর আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করার পরপরই তার জনসমর্থন সাধারণত কিছুটা বেড়ে যায়। সম্মেলন চলাকালে প্রচারপ্রচারণা ও টেলিভিশন সম্প্রচার বেশি পাওয়ার কারণেই এমনটি ঘটে বলে বিশ্লেষকদের মত। ওবামার জনসমর্থন আরো বাড়ার আশা করেছিল ডেমক্রেটিক শিবির। কিন্তু শুক্রবার কর্মসংস্থানের গতি ধীর হয়ে পড়া সংক্রান্ত সরকারী প্রতিবেদন প্রকাশ হওয়ার ফলে জনসমর্থন আর বাড়েনি বলে পর্যবেক্ষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৫ ঘ.