২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসমর্থনে রমনিকে আরো পেছনে ফেললেন ওবামা

ডেমক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে জনসমর্থনে আরো পেছনে ফেললেন প্রেসিডেন্ট বরাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেমক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে জনসমর্থনে আরো পেছনে ফেললেন প্রেসিডেন্ট বরাক ওবামা। জরিপ সংস্থা ইপসোস ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিদিন প্রকাশিত নতুন জরিপের ফলাফলে শনিবার ৪ পয়েন্ট এগিয়ে ছিলেন ওবামা। অনলাইনে করা ওই জরিপে অংশ নেওয়া ১ হাজার ৪’শ ৫৭ জন ভোটারের মধ্যে ৪৭ শতাংশ ওবামার প্রতি সমর্থন জানান, রমনির প্রতি সমর্থন জানান ৪৩ শতাংশ। একদিন আগে শুক্রবারের জরিপের ফলাফলে ওবামার প্রতি সমর্থন জানিয়েছিল ৪৬ শতাংশ ও রমনির প্রতি ৪৪ শতাংশ ভোটার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করা পর তাদের জনসমর্থন সাধারণত বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় রিপালিকান প্রার্থী হিসেবে রমনির নাম ঘোষণার পর জনসমর্থনে ওবামাকে ছাড়িয়ে যান তিনি। অবশ্য হাতে গোনা কয়েকদনি এগিয়ে থাকার পর জনসমর্থনে আবার পিছিয়ে পড়তে থাকেন রিপাবলিকান প্রার্থী। বৃহস্পতিবার ডেমক্রেটিক পার্টির সম্মেলনের শেষ দিনে ওবামার মনোনয়ন নিশ্চিত করার পর আবার ঘুরে দাঁড়ান ওবামা। বাড়তে থাকে ব্যবধান। উল্লেখ্য, জরিপ শুরু হওয়ার প্রথম থেকেই জনসমর্থনে এগিয়ে ছিলেন ওবামা। সম্মেলনে দেওয়া ওবামার সমাপনী ভাষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও শুক্রবার সরকার প্রকাশিত তথ্যে অগাস্টে কর্মসংস্থানের হার হ্রাস পাওয়ার খবর প্রকাশিত হওয়া সত্বেও জনসমর্থনে ৪ পয়েন্ট এগিয়ে গেলেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১২৬ ঘ.