২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসায় শর্ত শিথিল করল ভারত-পাকিস্তান

নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিলের পাশাপাশি নিজেদের মধ্যে নৌ ও বিমান চলাচল পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার এ দুটি দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উভয় দেশে নাগরিকদের ভ্রমণ সহজ করতে ভিসা নিয়ে একটি চুক্তি সই করেছে ভারত ও পাকিস্তান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক শনিবার ইসলামাবাদ এই চুক্তিতে সই করেন। এর আগে ১৯৭৪ সালে করা একটি প্রটোকল অনুযায়ী নাগরিকদের অন্য দেশ ভ্রমণ নিয়ন্ত্রণ করতো উভয় দেশ। নতুন এই চুক্তির আওতায় উভয় দেশের নাগরিকদের প্রতিবেশি দেশ ভ্রমণের ক্ষেত্রে প্রচলিত কঠোর নিয়ম-কানুনের বিলুপ্তি ঘটবে, এক ভিসায় আগের চেয়ে বেশি সংখ্যক শহরে তারা যেতে পারবে। পাকিস্তানি দৈনিক ডন এ তথ্য জানিয়েছে। এতে সীমান্তের উভয়পাশে সীমান্ত পারাপারের কেন্দ্র বাড়ানো হবে এবং নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিমান চলাচলের পাশাপাশি মুম্বাই ও করাচির মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। নতুন নীতিতে দুই দেশের শিশু ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা ওয়াগা/আত্তারি সীমান্ত থেকে ৪৫ দিনের ভিসা সংগ্রহ করতে পারবেন। সীমান্ত পার হওয়ার পর তাদের থানায় যোগাযোগ করার প্রয়োজন হবে না। একই ধরনের সুবিধা উভয় দেশের ব্যবসায়ীরাও পাবেন। টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। এ ভিসায় আগে তিনটি শহরে যাওয়ার অনুমতি থাকলেও এখন তা বাড়িয়ে পাঁচটি শহর ভ্রমণের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে চুক্তিতে। দলগত ভ্রমণের ক্ষেত্রেও ভিসা নীতিতে পরিবর্তন এসেছে। এই প্রথমবারের মত দলগতভাবে নাগরিকদের ভ্রমণের সুযোগ দিতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দলগত ভ্রমণের ক্ষেত্রে কমপক্ষে ১০ জন ও সর্বোচ্চ ৫০ জনকে ভ্রমণের অনুমতি দেওয়া হবে এবং ওই ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন। তবে দলগত ভিসার আবেদন করতে হবে সরকারের অনুমোদিত সংস্থার মাধ্যমে। দুই দেশের শিক্ষার্থীরাও এ ভিসা পাবে। কূটনৈতিক ভিসা চুক্তি অনুসারে কূটনৈতিক ভিসা পাওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানো হয়েছে। এখন আবেদনের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক ভিসার অনুমোদন দিতে হবে। অবশ্য সরকারি কর্মকর্তাদের ভিসার মেয়াদ ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হয়েছে। বিজনেস ভিসা বিজনেস ভিসা হবে এক বছর মেয়াদী। এর মাধ্যমে একাধিকবার ভ্রমণের সুযোগ থাকবে এবং উভয় দেশের নাগরিকরা প্রয়োজন অনুসারে অন্য দেশের পাঁচ থেকে ১০টি শহর ভ্রমণ করতে পারবেন। এ ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়ম-নীতিও শিথিল করা হয়েছে। নতুন এ চুক্তিতে তীর্থযাত্রীদের জন্য ভিসার মেয়াদ ১৫ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে। ভিসা ফি বাড়িয়ে ভারতে ১২ রুপি ও পাকিস্তানে ১৫ রুপির জায়গায় উভয় দেশে ১০০ রুপি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২১৯ ঘ.