ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার পূর্বাঞ্চলীয় রাজমা শহরে চরমপন্থী সালাফি মুসলিমদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সুফি মাজারে সালাফিদের হামলার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজমা শহরের সিদি আল লাফি মাজারে চরমপন্থী সালাফিরা হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয় বসিন্দারা বাধা দেয়, এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পূর্বাঞ্চলীয় প্রধান শহর বেনগাজির ৫০ কিলোমিটার দক্ষিণপুবে অবস্থিত রাজমার সশস্ত্র বাসিন্দারা মাজার ধ্বংসের চেষ্টারত সালাফিদের প্রতিহত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
লিবিয়ার উপস্বরাষ্ট্রমন্ত্রী ওয়ানিস আল শরিফ বলেন,“সংঘর্ষে উভয়পক্ষের তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।”
তিনি জানান, স্থানীয় এক গোত্রপ্রধানের সহযোগিতায় লিবিয়ার নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
লিবিয়ায় ইসলামের সুফি তরিকার মাজারগুলোতে চরমপন্থী সালাফি মুসলিমদের ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবেই হামলাটি চালানো হয়ছে বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসের প্রথমদিকে রাজধানী ত্রিপোলি ও জ্লিতান শহরে দু’টি সুফি মাজারে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় চরম রক্ষণশীল ইসলামপন্থীরা।
ওই ঘটনার জেরে সমালোচনার মুখে পদত্যাগ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফওজি আব্দেলালি। গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় এ ধরনের আন্তঃসাম্প্রদায়িক হামলার সংখ্যা বেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৮ ঘ.
bdnews24