পাফোস, সাইপ্রাস, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থন যুগিয়ে যাওয়ায় এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করার জন্য শুক্রবার আহ্বান জানিয়েছে দেশদু’টি।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ইউরি রসেনথাল বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।
“হিজবুল্লাহ’র বিরুদ্ধে কার্যকর কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে বিতর্ক করার জন্য আমাদের হাতে অল্পই সময় আছে,” সাইপ্রাসে সিরিয়া সঙ্কটে ইইউ’র করণীয় নিয়ে এক বৈঠকের ফাঁকে বলেন রসেনথাল।
নেদারল্যান্ডসের দাবি অনুযায়ী ইইউ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে ইউরোপে হিজবুল্লাহর সম্পদ জব্দ করতে পারবে ইইউভুক্ত দেশগুলো।
শিয়া ইসলামী আন্দোলনকারী লেবাননের রাজনৈতিক দল হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে নেদারল্যান্ডস। আর যুক্তরাজ্য বর্তমান লেবানন সরকারের অংশ রাজনৈতিক দলটির শুধুমাত্র সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বলেছেন, “যুক্তরাজ্য চায় হিজবুল্লাহর সামরিক শাখাকে ইইউ’র সন্ত্রাসী তালিকাভুক্ত করে নিষেধাজ্ঞার আওতায় আনা হোক।”
কিন্তু ইইউভুক্ত অন্যান্য দেশ, যারা ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাসকে কালো তালিকাভুক্ত করে রেখেছে, তারা হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপ প্রতিরোধ করে আসছে।
ইরানের মিত্র লেবাননের প্রভাবশালী দল হিজবুল্লাহকে গত শতাব্দীর ৯০’র দশক থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র।
ফ্রান্স ও বুলগেরিয়াসহ ইইউভুক্ত কয়েকটি দেশ এ প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, এ ধরনের পদক্ষেপ লেবাননে শক্তির ভারসাম্য নষ্ট করবে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৭ ঘ.
bdnews24