হ্যানয়, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনামে কয়েকদিনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্ততপক্ষে ২৯ জন নিহত হয়েছে।
বন্যায় দেশটির উত্তর ও মধ্যাঞ্চল প্লাবিত হয়েছে বলে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম শনিবার জানিয়েছে।
বৃষ্টিপাত আরো বেশ কিছুদিন অব্যাহত থাকবে। এরফলে নাগহি প্রদেশে বন্যা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। আগাম সতর্কতা হিসেবে র্কর্তৃপক্ষ বিপজ্জনক এলাকাগুলো থেকে অধিবাসীদের সরিয়ে নিচ্ছে বলে সরকার জানিয়েছে।
শুক্রবার উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ ইয়েন বাইয়ে টিন খনিতে যাওয়ার পথে ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছে। অপর এক ব্যক্তি হাসপাতালে মারা গেছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
ভিয়েতনামে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ৪৩০ জন মানুষ প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণ করে। আভ্যন্তরীণ উৎপাদনের মোট ১ ভাগ দুর্যোগের কারণে নষ্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.
bdnews24