ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আবদুল¬াহ আল সেনুসির সুষ্ঠু বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার সংগঠনগুলো।
যুক্তরাষ্ট্র বলেছে, “লিবিয়াকে পরিপূর্ণভাবে আন্তর্জাতিক বিধিবিধান মেনে সেনুসির সুষ্ঠু বিচার করতে হবে।”
লিবিয়ার প্রধানমন্ত্রীও জোর দিয়ে বলেছেন, মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ীই সেনুসির বিচার করবে তারা।
বুধবার লিবিয়ার কর্তৃপক্ষের কাছে সেনুসিকে হস্তান্তর করেছে মৌরিতানিয়া।
দেশটির রাষ্ট্রীয় টিভি ও বার্তা সংস্থা খবরে বলা হয়, “মৌরিতানিয়া কর্তৃপক্ষ সাবেক-লিবীয় গোয়েন্দা প্রধান আবদুল¬াহ আল সেনুসিকে লিবিয়ায় হস্তান্তর করেছে।” বুধবারই সেনুসি লিবিয়ায় পৌঁছানোর পর তাকে সরকারি হেফাজতে রাখা হয়।
গত বছর লিবিয়ার গণআন্দোলনে নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের সময় সেনুসি দেশ ছেড়ে পালিয়েছিলেন।
গাদ্দাফির ডানহাত হিসাবে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে লিবিয়া সেনুসির বিচার করতে চায়। তাছাড়া, ফ্রান্স এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)ও তার বিচার চায়।
গত মার্চে সেনুসি পালিয়ে মরোক্কো থেকে মৌরিতানিয়ায় পৌঁছানোর পর বিমানবন্দরে গ্রেপ্তার হন।
এরপর থেকে লিবিয়া সরকার বারবার তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৬ঘ.
bdnews24