২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ড্রোন কিনতে সক্ষম ৬৬ দেশ’

যুক্তরাষ্ট্রের কাছ থেকে চালকবিহীন বিমান (ড্রোন) কিনতে সক্ষম এমন ৬৬টি দেশের একটি তালিকা তৈরি করেছে পেন্টাগন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কাছ থেকে চালকবিহীন বিমান (ড্রোন) কিনতে সক্ষম এমন ৬৬টি দেশের একটি তালিকা তৈরি করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ড্রোন বিক্রির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকলেও কংগ্রেস ও স্টেট ডিপার্টমেন্ট এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পেন্টাগনের একজন কর্মকর্তা। পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার উপপরিচালক রিচার্ড জেনেইল জানান, গত বছরেই ড্রোন ক্রয়ে সক্ষম দেশগুলোর তালিকা প্রস্তুত করে পেন্টাগন। তবে এ তালিকায় থাকা কোনো দেশের নাম জানাননি তিনি। অস্ত্র রপ্তানি বিষয়ে ওবামা প্রশাসনের উদ্যোগকে বুধবার সাধুবাদ জানিয়েছে বিমান প্রস্তুতকারী নরথ্রপ গ্র“ম্যান কর্পোরেশনের প্রধান নির্বাহী ওয়েস বুশ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় হতাশাও ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও হাইটেক প্রযুক্তি পণ্য উৎপাদনকারীরা বরাবরই এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির জটিল নীতি ও প্রক্রিয়ার ব্যাপারে অভিযোগ জানিয়ে আসছে। এ নীতির ফলে তারা বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে মনে করছে তারা। এদিকে প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স টেকনোলজি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক জিম হার্শ বলেন, আসছে নভেম্বরের নির্বাচনের পর বেশকিছু পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে পারে পেন্টাগন। তবে ডেমোক্র্যাট বারাক ওবামা বা রিপাবলিকান মিট রমনি, যে-ই নির্বাচনে জয়ী হোক না কেন আমাদের কাজ করে যেতে হবে। এদিকে নরথ্রপ গ্র“ম্যান কর্পোরেশনের পর্যবেক্ষণকারী বিমান ‘গ্লোবাল হক’ রপ্তারিতে নিষেধাজ্ঞা রয়েছে। গত বছর দক্ষিণ কোরিয়ার কাছে এ বিমান বিক্রির পরিকল্পনা করা হলেও পরে তা বাতিল করা হয়। এর কোনো নির্দিষ্ট কারণও প্রকাশ করা হয়নি। এছাড়া জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া এ বিমান ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়েস বুশ বলেন, এ ধরনের নিষেধাজ্ঞার ফলে ১৯৯০-এ দশকের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। ওইসময় অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় প্রতিদ্বন্দ্বী দেশগুলো অস্ত্র প্রতিরোধী বিভিন্ন সফটওয়্যার ও যন্ত্রাংশ তৈরি করতে থাকে যা যুক্তরাষ্ট্রের শিল্পখাতের জন্য ক্ষতিকর হয়ে উঠেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৫ ঘ.