চার্লট, নর্থ ক্যারোলিনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্র্নিবাচন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতিকে জাটিল করে তুলবে বলে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানদের অভিযোগ খারিজ করে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
বুধবার ডেমক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় রাতে ভাষণ দেওয়ার সময় ক্লিনটন তীব্র ভাষায় রিপাবলিকানদের অভিযোগের জবাব দেন।
ভাষণে বাজেট উদ্বৃত্ত ও বেকার সমস্যা হ্রাসের ক্ষেত্রে ৯০ দশকে নিজের শাসনামলের দুই মেয়াদের ভূমিকার কথা ভোটারদের স্মরণ করিয়ে দেন তিনি।
গত সপ্তাহে ফ্লোরিডার টাম্পায় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অর্থনীতির ক্ষেত্রে ওবামার নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি ও অন্যান্যরা।
ওই অভিযোগ উড়িয়ে দিয়ে ক্লিনটন বলেন, “টাম্পায় প্রেসিডেন্টের পুনর্র্নিবাচনের বিরুদ্ধে রিপাবলিকানদের যুক্তিগুলো খুবই সাদামাটা। তাদের (রিপাবলিকান) বক্তব্যের মূলকথা, আমরা ওবামাকে একটি ধ্বংসস্তুপের মধ্যে রেখে এসেছি, সে এখনও তা পুরোপুরি পরিষ্কার করতে পারেনি, তাই তাকে বাতিল করে আমাদের আবার নির্বাচিত করুন।”
“আমি মনে করি এর চেয়ে প্রেসিডেন্ট ওবামার পুনর্র্নিবাচিত হওয়ার পক্ষের যুক্তিগুলো অনেক ভালো। প্রেসিডেন্ট হয়ে সে অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটি অর্থনীতির দায়িত্ব নিয়েছিল, অর্থনীতির ভেঙে পড়া ভিত্তি পুনর্র্নিমাণ শুরু করেছিল, যা ছিল অত্যন্ত কঠিন। অর্থনীতির ভিত্তিকে আরো আধুনিক আরো ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে এসেছেন তিনি। এরফলে লাখ লাখ নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে, নতুন নতুন ব্যবসার দিগন্ত খুলেছে ও উদ্যক্তারা প্রচুর নতুন সম্পদের মালিক হয়েছেন।”
তিনি রিপাবলিকানদের অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করে ভোটারদের মনে করিয়ে দেন, রিপাবলিকানরা অর্থনীতির ক্ষেত্রে সরকারী নিয়ন্ত্রণ উঠিয়ে নেয়ার পক্ষপাতী ও ধনীদের করছাড় দিতে চায়।
তিনি প্রশ্ন করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা কোন ধরনের দেশে বসবাস করতে চান?”
“যদি আত্মকেন্দ্রিক, বিজয়ীরাই সবকিছু ভোগ করবে, এমন সমাজে বসবাস করতে চান, তবে রিপাবলিকানদের ভোট দিন। আর যদি, সমান সুযোগ-সুবিধা, সমদায়িত্ব সম্পন্ন সবাইকে নিয়ে যে সমাজ, সে রকম দেশ চান, তবে বারাক ওবামা ও জো বাইডেনকে ভোট দিন,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৯ ঘ.
bdnews24